২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশংসায় আপত্তি যোগাযোগমন্ত্রীর

প্রধান অতিথি হিসেবে রিহ্যাব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে আয়োজকদের সময়ানুবর্তিতা মানারও আহ্বান জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 08:18 AM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান অতিথি হিসেবে এক অনুষ্ঠানে এসে ‘অতিরিক্ত প্রশংসায়’ আপত্তি জানিয়ে আয়োজকদের সময়ানুবর্তিতা মানার আহ্বান জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “সবাই বক্তব্যের মধ্যে প্রধান অতিথির কথা বারবার বললেন। আপনারা বললেন, ‘শত ব্যস্ততার মাঝেও তিনি এখানে এসেছেন, সময় দিয়েছেন, আমরা কৃতজ্ঞ’। প্রধান অতিথি সময়ই যদি না দেবেন তাহলে প্রোগ্রাম রাখলেন কেন? যখন প্রোগ্রাম দিয়েছেন তখন তো জেনে-শুনেই দিয়েছেন।” এর আগে বক্তব্য দিতে উঠে যোগাযোগমন্ত্রীর ঢালাও প্রশংসা করেন আবাসন নির্মাতাদের সংগঠন রিহ্যাবের কর্মকর্তা। দেড় ঘণ্টা ধরে তাদের বক্তব্য শুনে সকাল সাড়ে ১১টার দিকে বক্তব্য শুরু করেন মন্ত্রী। তিনি বলেন, “আমি প্রোগ্রামে যেতে রাজি হই না। কারণ সবার ভাষণ শেষ হতে হতে শিডিউল মানতে পারি না।” আয়োজকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আজকেও তো কথা ছিল, আপনারা আমাকে ১১টার মধ্যে ছেড়ে দেবেন। নয়টার অনুষ্ঠান কয়টায় শুরু হয়?” দেশে ব্যাঙের ছাতার মতো আবাসন নির্মাতা প্রতিষ্ঠান গড়ে উঠছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আবাসন শিল্পে পরিকল্পনা থাকতে হবে, পরিবেশবান্ধব হতে হবে। যোগাযোগমন্ত্রী বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের প্রয়োজন আছে কি না তা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করা উচিৎ। রিহ্যাব মেলা শুরু এই অনুষ্ঠানের মাধ্যমে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে চার দিনব্যাপী ‘রিহ্যাব সামার ফেয়ার’ উদ্বোধন করেন ওবায়দুল কাদেন। আয়োজকরা জানান, ১৬১টি ডেভেলপার প্রতিষ্ঠান, ছয়টি নির্মাণ সামগ্রীর কোম্পানি এবং ১৫টি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিচ্ছে। আগামী ১৭ জুন পর্যন্ত মেলা চলবে। রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি সুলতানা শাহেদা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য এনামুল হক, গৃহায়ণ ও গণপূর্ত সচিব খন্দকার শওকত হোসেন, রিহ্যাবের সাধারণ সম্পাদক মুরাদ ইকবাল চৌধুরী, মেলার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রবিউল হক বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/জেকে/১৪১৪ ঘ.