ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টে নতুন ছয় জন বিচারক নিয়োগের পর কয়েকটি বেঞ্চ পুনর্গঠন করে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর এখতিয়ার পরিবর্তন করে দেওয়া হয়েছে, যাকে অপসারণের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন এক আইনজীবী।
বৃহস্পতিবার প্রকাশিত সুপ্রিম কোর্টের কার্যতালিকায় এই বিচারপতির রিট শুনানির এখতিয়ার পরিবর্তন করে তাকে ফৌজদারী বিষয়ে শুনানির দায়িত্ব দেওয়া হয়েছে। এই দ্বৈত বেঞ্চে তার সঙ্গে থাকছেন নতুন নিয়োগ পাওয়া বিচারপতি এ বি এম আলতাফ হোসেন।
কার্যতালিকায় বলা হয়েছে, এই দুই বিচারপতি ডিভিশন বেঞ্চে গ্রহণযোগ্য ফৌজদারি মোশন, আপিল মঞ্জুরি ও জামিনের আবেদন, ফৌজদারি কার্যবিধির ৪২৬, ৪৪৩, ৪৯১, ৪৯৮ ও ৫৬১ ধারার মোকদ্দমা ও আপিলের বিষয়ে শুনানি করবেন।
শামসুদ্দিন চৌধুরী এতোদিন কনিষ্ঠ বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে সঙ্গে নিয়ে রিট মোশন ও শুনানি গ্রহণ করতেন। জাহাঙ্গীর হোসেনের অসুস্থতার কারণে গত ৬ মে থেকে একক বেঞ্চে সিভিল বিষয়ে শুনানি করে আসছিলেন বিচারপতি শামসুদ্দিন।
আরো কয়েকটি বেঞ্চ পুনর্গঠন করে নতুন নিয়োগ পাওয়া অপর পাঁচ বিচারপতিরও দায়িত্ব বণ্টন করা হয়েছে। রাষ্ট্রপতি বুধবার তাদের নিয়োগ দেওয়ার পর বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের কাছে শপথ নেন তারা।
এই পাঁচ বিচারপতি হলেন আশীষ রঞ্জন দাস, মাহমুদুল হক, বদরুজ্জামান বাদল, জাফর আহমেদ ও কাজী মো. এজারুল হক আকন্দ।
মো. মোজাম্মেল হক নামে সুুপ্রিম কোর্টের এক আইনজীবী গত ৫ জুন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীকে অপসারণের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেন।
তিনি আবেদনে অভিযোগ করেন, “গত ৩১ মে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী আমাকে অকারণে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং নিজে নিজে অযথা উত্তেজিত হয়ে আমাকে বানরের সাথে তুলনা করেন, যা আদালত অঙ্গনে নজীরবিহীন।”
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্যও রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন মোজাম্মেল।
ওই আবেদনের বক্তব্য আদালত অবমাননাকর- উল্লেখ করে গত মঙ্গলবার মোজাম্মেলের বিরুদ্ধে রুল জারি করেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী।
বিচারপতি সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার মাধ্যমে আদালতের মর্যাদা, পবিত্রতা ও কর্তৃত্ব ক্ষুণœ করার কারণে আদালত অবমাননার অভিযোগে মোজাম্মেলের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বার কাউন্সিলকে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয় রুলে।
উচ্চ আদালতের একটি রায়ের সমালোচনায় ‘বিরূপ’ মন্তব্য করে স্পিকার রাষ্ট্রদ্রোহের শামিল অপরাধ করেছেন- এমন বক্তব্য দেওয়ার পর গত ৫ জুন ক্ষমতাসীন মহাজোটের সাংসদরাও এই বিচারপতির অপসারণ দাবি করেন।
অবশ্য স্পিকার আব্দুল হামিদ পরে বলেন, তিনিই এ বিষয়ে রুলিং দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৩২৩ ঘ.
bdnews24