২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলদের মুক্তিতে বাধা নেই: আইনজীবী

সচিবালয়ে হাতবোমা বিস্ফোরণের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোট নেতাদের আদালতে হাজিরের আদেশ প্রত্যাহার করে তাদের জামিন বহাল রেখেছে বিচারিক আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 06:11 AM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সচিবালয়ে হাতবোমা বিস্ফোরণের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোট নেতাদের আদালতে হাজিরের আদেশ প্রত্যাহার করে তাদের জামিন বহাল রেখেছে বিচারিক আদালত। ফলে জোট নেতাদের মুক্তি পেতে আর বাধা থাকলো না বলে জানিয়েছেন তাদের এক আইনজীবী। এ মামলার আসামিদের মধ্যে ফখরুলসহ ১৫ জন বর্তমানে কারাগারে রয়েছেন। বাকিরা ইতোমধ্যে জামিনে মুক্তি পেয়েছেন। মহানগর জ্যেষ্ঠ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. জহুরুল হক বৃহস্পতিবার জোট নেতাদের আদালতে হাজিরের আদেশ প্রত্যাহারের আবেদনের ওপর শুনানি করে আগের পরোয়ানা তুলে নিতে বলেন। একইসঙ্গে তাদের জামিন মামলার আগামী ধার্য তারিখ পর্যন্ত বহাল রাখেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদীন মেজবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ২৬ জুলাই এ মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি হবে। আদালত ওইদিন পর্যন্ত জামিন বহাল রেখেছেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ এপ্রিল হরতাল চলাকালে সচিবালয়ে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। ওই রাতেই শাহবাগ থানায় মামলা দায়ের করেন পুলিশের উপ পরিদর্শক হীরেন্দ্রনাথ প্রামানিক। গত ৩০ মে পুলিশ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। জোট নেতারা এ মামলায় হাইকোর্ট থেকে আগেই জামিন পেয়েছিলেন। কিন্তু হরতালে গাড়ি পোড়ানোর আরেকটি মামলায় তাদের কারাগারে পাঠানো হয়। পরে ওই মামলাতেও তারা হাইকোর্ট থেকে জামিন পান। কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনে মহানগর জ্যেষ্ঠ বিশেষ ট্রাইব্যুনাল তাদের আদালতে হাজির করার পরোয়ানা (পিডব্লিউডি) জারি করলে বিরোধী দলের কারাবন্দি নেতাদের মুক্তি অনিশ্চিত হয়ে যায়। জোট নেতাদের আরেক আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, “আদালত আজ পিডব্লিউডি প্রতাহার করে নেওয়ায় তাদের মুক্তি পেতে আর বাধা থাকল না।” এ মামলার এজাহারে মির্জা ফখরুল ছাড়াও বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, সাদেক হোসেন খোকা, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, আবদুস সালাম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, রেহানা আখতার রানু, সৈয়দা আফিফা আশরাফি পাপিয়া, শাম্মী আখতার, নিলুফার ইয়াসমীন মনি, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কামরুজ্জামান রতন, যুবদলের সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নিরব, সহসভাপতি মোরতাজুল করীম বাদরু, স্বেচ্ছাসেবক দলের হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদলের সুলতান সালাহউদ্দিন টুকু, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমেদ, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি আন্দালিব রহমান পার্থসহ ২৮ জনকে আসামি করা হয়। অভিযোগপত্রে এর সঙ্গে আরো একজনের নাম আসামির তালিকায় যোগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/জেকে/১২০৫ ঘ.