ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের অভিযোগে প্রায় এক বছরে সারা দেশে ৩০৯টি ভাটার মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ।
জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, গত বছরের জুলাই থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত এ ইট ভাটাগুলোর মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, “ইটভাটার দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে আধুনিক প্রযুক্তি প্রচলনের উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে ১২০ ফুট উচ্চতার চিমনীবিশিষ্ট ইটভাটাকে আধুনিক জিগজ্যাগ, হাইব্রিড হফম্যান, ভার্টিক্যাল শেইফটে রূপান্তরের বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে।”
এ পর্যন্ত ৯০০ ইটভাটাকে জিগজ্যাগ পদ্ধতিতে রূপান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
নদী ও জলাশয় ভরাটের অপরাধে ৪৪টি প্রতিষ্ঠানের কাছ থেকে এক কোটি ১৫ লাখ টাকা আদায় করা হয়েছে বলেও সংসদে জানান পরিবেশমন্ত্রী।
বেনজীর আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, শিল্প বর্জ্য থেকে পানি দূষণের দায়ে ১৮৬টি শিল্প প্রতিষ্ঠানের কাছ থেকে ২৩ কোটি ৪৮ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।
এছাড়া গত তিন বছরে নদী দূষণের অভিযোগে ২২টি শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাসহ এ পর্যন্ত মোট ২১ কোটি ৭৮ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/২২৪২ ঘ.
bdnews24