ময়মনসিংহ, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের একটি বাসে আগুন দিয়েছে বহিরাগতরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যার এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ছাত্ররা রেললাইন তুলে ফেলায় ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এছাড়া শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে সকাল ১০টায় বিক্ষোভ কর্মসূচি দিয়েছে। ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এম এ সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের স্টেশন রোড মোড় থেকে বাকৃবির একটি বাস শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে ফেরার পথে কেওয়াটখালী এলাকায় বহিরাগতরা বাসটিতে হামলা চালায় ও পরে আগুন লাগিয়ে দেয়। এতে দুই শিক্ষার্থী আহত হয়।
“বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। এতে প্রায় ৩২ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি,” যোগ করেন প্রক্টর।
শিক্ষার্থীরা জানান, গত ৬ জুন রাতে শিক্ষার্থী নাজমুল হাসান অর্কের সঙ্গে কামাল-রনজিত (কেআর) মার্কেটে বিশ্ববিদ্যালয়ের পাশের কেওয়াটখালী এলাকার কিছু যুবকের কথা কাটাকাটি ও এক পর্যায়ে সংঘর্ষ হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ জুন বিশ্ববিদ্যালয় প্রশাসন কেওয়াটখালী এলাকার বাসিন্দা ও বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের শেষ বর্ষের ছাত্র নাসিত কামাল কিরণ ও কৃষি অনুষদের একই বর্ষের ছাত্র রাফিউল হাসান রনিনকে এক বছরের জন্য বহিষ্কার করে। সংঘর্ষের ঘটনায় একটি মামলাও হয়।
গত শনিবার কেওয়াটাখালী এলাকার বাসিন্দারা বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটে সমাবেশ করে দুই ছাত্রের বহিষ্কারাদেশ ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছিল।
বাসে থাকা কয়েকজন শিক্ষার্থী জানান, সাড়ে ছয়টার দিকে বাসটি কেওয়টাখালী এলাকায় পৌঁছলে হঠাৎ করেই তাতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়। শিক্ষার্থীরা তখন ভয়ে বাস থেকে নেমে এলোপাতাড়ি ছোটাছুটি করতে থাকে।
তারপরই হামলাকারীরা বাসটিতে আগুন দেয় বলে জানায় শিক্ষার্থীরা।
বাসে হামলা ও আগুন দেওয়ার খবর বিশ্ববিদ্যালয়ে পৌঁছলে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। তারা ৭টার দিকে ক্যাম্পাসের মাঝ দিয়ে যাওয়া ঢাকা-ময়মনসিংহ রেলপথে অবস্থান নেয় এবং কয়েকটি স্লিপার উঠিয়ে ফেলে। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহ ও জামালপুরের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ময়মনসিংহ রেল স্টেশনের ট্রাফিক পরিদর্শক হামিদুল ইসলাম জানান, সন্ধ্যা সাতটা থেকে এ পথে রেল চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা রেল লাইনের উপরে অবস্থান নেওয়ায় তা মেরামত করার জন্য রেলকর্মীরা সেখানে যেতে পারছেন না।
কোতোয়ালি মডেল থানার ওসি গোলাম সারোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল কয়েকটি ছাত্র সংগঠনের নেতারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন। শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২১৭ ঘ.
bdnews24