সিরাজগঞ্জ, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলনবিলের বাউল একাডেমীতে হামলা ও অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বাউলরা।
বুধবার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বহু বাউল জমায়েত হয়ে এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে চলনবিল বাউল একাডেমীর সভাপতি গাজী আলফাজ উদ্দিন কনক ও সাধারণ সম্পাদক ফজলে খোদা লিটনসহ অন্যরা বক্তৃতা করেন।
তারা বলেন, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় মামলা করার দুই মাস পরও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।
সাধারণ সম্পাদক লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চলনবিল এলাকার তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার আব্দুস সামাদ ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা গত ২৯ মার্চ সন্ধ্যার পর বাউল-সাধুদের আস্তানায় গানের আসরে ঢুকে বাউলদের মারধর করে। তারা তবলা-হারমোনিয়াম, একতারাসহ অন্যান্য বাদ্যযন্ত্রও ভাঙচুর করে।”
পরদিন ৩০ মার্চ বিকেলে সন্ত্রাসীরা সালাম বাউলের চায়ের দোকান ভেঙে গুঁড়িয়ে দেয় বলে অভিযোগ করেন তিনি।
বাউলরা আইনের আশ্রয় নেওয়ায় গত ১১ এপ্রিল গভীর রাতে সন্ত্রাসীরা বাউলদের আস্তানাটি জ্বালিয়ে দেয়।
ওই ঘটনায় একাডেমীর সভাপতি গাজী আলফাজ উদ্দিন কনক চেয়ারম্যান সামাদসহ ১০ জনকে আসামী করে সিরাজগঞ্জ আদালতে মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এইচএ/১৯১২ ঘ.
bdnews24