সিলেট, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের ওসমানীনগরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার ভোর ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নিজ কুরুয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ছাতক সিমেন্ট ফ্যাক্টরির কর্মকর্তা গোলাম মনতকা আজাদ (৫০) ও পিকআপ চালক (৪০)। তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি।
শেরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামাল আহমদ জানান, ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত থেকে আসা পিকআপের সংঘর্ষে ট্রাকে থাকা যাত্রী আজাদ ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহত পিকআপ চালককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৬০২ ঘ.
bdnews24