২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র সাবেক স্বরাষ্ট্র সচিবের জেরা শুরু

দশ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব ওমর ফারুককে জেরা শুরু করেছেন আসামিপক্ষের আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 07:43 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

চট্টগ্রাম, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব ওমর ফারুককে জেরা শুরু করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এ ফারুককে জেরা শুরু করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আইনজীবী আব্দুস সোবহান তরফদার। বাবরের বাধার কারণেই ১০ ট্রাক অস্ত্র চালানের সঙ্গে এনএসআই কর্মকর্তাদের সংশ্লিষ্টতা তদন্ত করা যায়নি বলে এর আগে সাক্ষ্যে জানিয়েছিলেন ওই সময়কার স্বরাষ্ট্র সচিব ওমর ফারুক। গত ২ মে চট্টগ্রামের আদালতে এ মামলায় সাক্ষ্য দেন তিনি। ২০০৪ সালে ১ এপ্রিল রাতে চট্টগ্রামের সিইউএফএল ঘাটে অস্ত্র ও গোলাবারুদ আটকের ঘটনা তদন্তে গঠিত পাঁচ সদস্যের সরকারি তদন্ত দলের প্রধান ছিলেন ওমর ফারুক। ওই কমিটির অন্য সদস্যরা ছিলেন ডিজিএফআইয়ের তৎকালীন পরিচালক রেজ্জাকুল হায়দার চৌধুরী, এনএসঅইয়ের তৎকালীন পরিচালক এনামুর রহমান চৌধুরী, তৎকালীন ডিআইজি (সিআইডি) ফররুখ আহম্মদ ও ডিআইজি (এসবি) শামসুল ইসলাম। এর মধ্যে রেজ্জাকুল হায়দার এই মামলার আসামি, তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এর আগে সাক্ষ্যে কয়েকজন পুলিশ কর্মকর্তাও প্রতিমন্ত্রী বাবরকে দোষী করে আদালতে সাক্ষ্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমডি/জেকে/১৩৪০ ঘ.