শেরপুর, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের শ্রীবরদী উপজেলায় চালককে খুন করে তার সিএনজি অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সোমবার সকালে উপজেলার লঙ্গরপাড়া বাজার এলাকায় চালক আক্কাস আলীর (২৬) লাশ পাওয়া যায়।
এদিকে বিকালে জামালপুরের দিকপাইত থেকে ওই অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় তা উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে শ্রীবরদী থানার ওসি মো. মোস্তাছিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত ১১টার দিকে আক্কাস যাত্রী নিয়ে শেরপুর থেকে শ্রীবরদী যাচ্ছিলেন। পথে কোনো এক জায়গায় তাকে হাত-পা ও মুখ বেঁধে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
তিনি বলেন, চালকের পকেটে ১৪ শ’ টাকা পাওয়া গেছে। পূর্ব শত্র“তার জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
এছাড়া জ্বালানি শেষ হয়ে যাওয়ায় ‘ছিনতাইকারীরা’ অটোরিকশাটি ফেলে রেখে যায় বলেও ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে আক্কাসের মা বাদী হয়ে শ্রীবরদী থানায় মামলা করবেন বলে জানান ওসি।
নিহত আক্কাছ আলী উপজেলার মাটিয়াকুড়া গ্রামের প্রয়াত সওদাগর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শেরপুর শহরের খোয়ারপাড় মোড় থেকে শ্রীবরদী পর্যন্ত সিএনজি অটোরিকশায় যাত্রী পরিবহন করে আসছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৩৮ ঘ.
bdnews24