ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের আদেশ অমান্য করায় লিখিতভাবে ক্ষমা চাইলেন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাখাওয়াত হোসেন।
সোমবার তিনি ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৈয়েবুল হাসানের আদালতে এসে লিখিতভাবে ক্ষমা চাইলে হাকিম সে আবেদন গ্রহণ করে তাকে (ওসি) অভিযোগ থেকে অব্যাহতি দেন।
গত ৫ জুন দক্ষিণ কেরানীগঞ্জের শান্তা টিম্বার অ্যান্ড ‘স’ মিলের মালিক মো. শহিদুল ইসলাম আদালতে এসে ওসি শাখাওয়াতের বিরুদ্ধে অভিযোগ করেন।
তিনি গত ২৪ ফেব্রুয়ারি আদালতে জনৈক আছিয়া বেগমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলা করেন। তখন আদালত দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসিকে বাদির অভিযোগটি এজাহার হিসাবে নেওয়ার নির্দেশ দেয়।
কিন্তু দীর্ঘদিনেও ওসি শাখাওয়াত অভিযোগটি এজাহার হিসাবে না নিয়ে বরং বাদিকে হয়রানি করতে থাকেন বলে অভিযোগ করেন শহিদুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৭৪৫ ঘ.
bdnews24