ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।
মাদারীপুরের শিবচরে রোববার রাত ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতপুর বাজারের কাছে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শান্ত দাস (২৬) নামের এক যুবক নিহত হয়েছে।
শিবচর পাচ্চর হাইওয়ে পুলিশ সার্জেন্ট মো. আসাদুজ্জামান জানান, শান্তসহ তিন আরোহী মোটর সাইকেলে করে ফরিদপুর জেলার ভাঙ্গা থেকে শিবচরের দৌলতপুর বাজারে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটর সাইকেলের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই শান্ত মারা যায়।
এদিকে মানিকগঞ্জে দুটি ট্রাকের সংঘর্ষে এক চালকের সহাকারী নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি।
মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল উদ্দিন আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের মুলজানে বিকল একটি ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সচল ট্রাক চালকের সহকারী।
এছাড়া সিরাজগঞ্জের সলঙ্গায় একটি বাস উল্টে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৫ জন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আলী ফরিদ আহমেদ জানান, গুরুদাসপুর থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পুকুরের পাড়ে কাছে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়।
তাৎক্ষণিকভাবে তারও নাম পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৬৪৬ ঘ.
bdnews24