২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধে বিচ্ছিন্ন খাগড়াছড়ি

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের ডাকে খাগড়াছড়িতে সোমবার দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ কর্মসূচি চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2012, 10:06 AM

Updated : 24 Aug 2022, 11:31 AM

খাগড়াছড়ি, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের ডাকে খাগড়াছড়িতে সোমবার দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ কর্মসূচি চলছে। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের ‘একতরফা’ শুনানি বাতিল ও পাহাড়িদের প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতির দাবিতে এ কর্মসূচি ডাকা হয়েছে। অবরোধের কারণে জেলায় অভ্যন্তরীণ সব রুটে যান চলাচল বন্ধসহ খাগড়াছড়ির সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে । সড়ক অবরোধকে কেন্দ্র করে জেলায় বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার সকালে জেলা শহরের আলোটিলা এলাকায় পিকেটাররা বড়বড় গাছ কেটে রাস্তায় ফেলে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে যান চলাচলে বাধা সৃষ্টি করে। পরে পুলিশ গাছ সরিয়ে ফেলে। গাড়ি চলাচল না করলেও কোথাও কোনো ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি। গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি নতুন কুমার চাকমা এক বিবৃতিতে বলেন, সরকার পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের চেয়ারম্যান খাদেমুল ইসলাম চৌধুরীকে ব্যবহার করে পাহাড়ি জনগণকে নিজ ভূমি থেকে উচ্ছেদ করার পাঁয়তারা করছে। সরকারের এ ষড়যন্ত্র পার্বত্য চট্টগ্রামের জনগণ কিছুতেই সফল হতে দেবে না। অবিলম্বে ভূমি কমিশনের শুনানি বাতিল, কমিশন আইনের বিতর্কিত ও অগণতান্ত্রিক ধারা সংশোধন, ভূমি কমিশনের চেয়ারম্যান খাদেমুল ইসলাম চৌধুরীকে অপসারণ এবং পাহাড়িদের প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতির দাবি জানান তিনি। এদিকে রোববার সড়ক অবরোধের সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় ইউপিডিএফের অজ্ঞাতনামা প্রায় চারশ’ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ইউপিডিএফের দুই কর্মীকে। গ্রেপ্তারকৃতরা হলেন, পানখাইয়াপাড়ার উচাউ মারমার ছেলে অংচি মারমা (২৭) ও স্বনির্ভর খাগড়াছড়ির ধদ্রিমা চাকমার ছেলে বাচ্চু মনি চাকমা (২৫)। এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ ওই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমআই/১৬০২ ঘ.