খুলনা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার দিঘলিয়া উপজেলায় নববধূ হত্যায় জড়িত সন্দেহে শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
গত শনিবার গভীর রাতে দিঘলিয়ার বারাকপুর উত্তর পাড়ায় নিহত হন আজমিরা বেগম (১৯)। তার বিয়ে হয়েছিল ২২ দিন আগে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নিহতের শ্বশুর ইসহাক আলী ও শাশুড়ি গুলনাহারকে আটক করেছে।
দিঘলিয়া থানার ওসি (তদন্ত) আলী নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দিঘলিয়ার বারাকপুর উত্তরপাড়ার ইসহাক আলীর ছেলে আল-মামুনের সঙ্গে বাগেরহাটের চুলকাঠি ভট্টে গ্রামের জালাল মোল্লার মেয়ে আজমিরার বিয়ে হয়। এরপর থেকে অধিকাংশ সময় আজমিরা বাবার বাড়ি থাকতেন।
২/৩ মাস আগে তিনি স্বামীর বাড়ি আসেন। আল-মামুন বিভিন্ন সময় স্ত্রীর উপর নির্যাতন চালাতেন বলে আজমিরার পরিবার জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, শনিবার গভীর রাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রোববার সকালে এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
ওসি আরো বলেন, ঘটনার পর থেকে আল-মামুন পলাতক রয়েছেন। তবে তার মা ও বাবাকে আটক করা হয়েছে।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৫ ঘ.
bdnews24