খুলনা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার ব্যবসায়ী উজ্জ্বল কুমার সাহা হত্যার ঘটনায় গ্রেপ্তার তিনজন আদালতে জবানবন্দি দিয়েছেন।
এরা হলেন মডার্ন সী ফুডের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান স্টার্লিং (৩১), তার খালাতো ভাই আরিফুল হক সজল (২৫) এবং বন্ধু নাহিদ হাসান রানা ওরফে লেজার রানা (৩১)।
রোববার খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জাকারিয়া হোসেন ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় এই জবানবন্দি নেন।
এরপর তাদের খুলনা জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে এ মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার এসআই সোহেল রানা তিন আসামিকে আদালতে হাজির করেন।
বৃহস্পতিবার (৭ জুন) সকালে নগরীর শামসুর রহমান রোডের জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতেনের সামনে চিংড়ি ব্যবসায়ী উজ্জ্বল কুমার সাহাকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
সদর থানার ওসি মো. শাহাবুদ্দিন আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেহেদী হাসান স্টার্লিংয়ের নারীঘটিত নানা অনৈতিক কর্মকাণ্ড এবং ব্যবসায়িক অনিয়মের কথা চিংড়ি ব্যবসায়ী উজ্জ্বল জানতেন।
স্টার্লিংয়ের ধারণা নারীঘটিত কথাগুলো তার স্ত্রীকে বলেছেন উজ্জ্বল। এ কারণে পারিবারিক কলহের জেরে স্টার্লিংয়ের সঙ্গে তার স্ত্রীর বিরোধ হয়।
এ কারণে উজ্জ্বলকে হত্যার পরকিল্পনা করেন বলে স্টার্লিং জবানবন্দিতে স্বীকার করেন।
শনিবার নগরীর আহসান আহমেদ রোড থেকে নাহিদ হাসান ওরফে লেজার রানাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর মৌলভীপাড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় মেহেদী হাসান স্টার্লিংকে। এরপর মেহদীকে দিয়ে ফোন করিয়ে সজলকে নগরীর ডাকবাংলা মোড় থেকে গ্রেপ্তার করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২০ ঘ.
bdnews24