২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবু সায়ীদকে নিয়ে মন্তব্যে সংসদের দুঃখ প্রকাশ

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের কাছে দুঃখ প্রকাশের পাশাপাশি সংসদ সদস্যদের আলোচনার ভিত্তি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনেরও সমালোচনা করেছেন আবদুল হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 12:51 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের সমালোচনার জন্য দুঃখ প্রকাশ করে অসংসদীয় সব বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন স্পিকার আবদুল হামিদ। স্পিকার রোববার সংসদ অধিবেশনে দুঃখ প্রকাশের পাশাপাশি সংসদ সদস্যদের আলোচনার ভিত্তি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনেরও সমালোচনা করেন। তিনি বলেন, সংবাদের যথার্থতা ও সত্যতা যাচাই না করে প্রতিবেদন প্রকাশ করে কিছু জাতীয় দৈনিক চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। জাতীয় সংসদের রোববারের অধিবেশনের শুরুতেই এক রুলিংয়ে আব্দুল হামিদ একথা বলেন। গত ২ জুন টিআইবি আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। বক্তব্যে তিনি সংসদ সদস্য ও মন্ত্রীদের ‘চোর’ বলেছেন বলে দৈনিক ইনকিলাব খবর প্রকাশ করে। ওই খবরের ভিত্তিতে ৪ জুন সংসদে তিন সংসদ সদস্য আওয়ামী লীগের শেষ ফজলুল করিম সেলিম, জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু এবং স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিম অধ্যাপক সায়ীদের তীব্র সমালোচনা করেন। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে ওই দিন অধিবেশনে সভাপতিত্বকারী সরকারি দলের সংসদ সদস্য আলী আশরাফও তিনজনের সমালোচনায় একমত পোষণ করে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে সংসদে তলবের হুমকি দেন। এরপর আবদুল্লাহ আবু সায়ীদ জানান, তিনি ওই ধরনের কোনো কথা বলেননি। আলোচনা সভায় তার দেওয়া বক্তব্যের অনুলিখন এবং একটি সিডি গত ৪ জুন টিআইবি স্পিকারের কাছে পাঠায়। আবদুল হামিদ বলেন, “আমি তার (আবদুল্লাহ আবু সায়ীদ) বক্তব্যের অনুলিখন পড়েছি এবং সিডিটি শুনেছি। আমার কাছে প্রতীয়মান হয়েছে যে, পত্রিকায় প্রকাশিত সংবাদের সঙ্গে তার বক্তব্যের কোনো মিল নেই।” বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের কারণেই সংসদে অপ্রত্যাশিত আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, “অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এ দেশের একজন সম্মানিত ব্যক্তি। ওই দিনের আলোচনায় তার সম্পর্কে যে সমস্ত অসংসদীয় শব্দ ব্যবহৃত হয়েছে সেগুলো এক্সপাঞ্জ করা হবে।” সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমকে আরো সচেতন হওয়ার পরামর্শও দিয়েছেন স্পিকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৮৪৭ ঘ.