২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্কতা

মিয়ানমারের রাখাইন রাজ্যে দাঙ্গার পর রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 11:32 AM

Updated : 24 Aug 2022, 11:31 AM

বান্দরবান, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের রাখাইন রাজ্যে দাঙ্গার পর রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বান্দরবান সংলগ্ন কক্সবাজারের ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খালেকুজ্জামান সাংবাদিকদের জানান, সীমান্তে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে টহল জোরদার করা হয়েছে। সেই সঙ্গে বিজিবি সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ওই দাঙ্গার পর কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ করেনি বলেও দাবি করেন তিনি। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম, তুমব্রু, রেজু, আমতলীম আশারতলীম, চাকঢালা, দোছড়ি এলাকা দিয়ে রোহিঙ্গারা অনুপ্রবেশ করে থাকে। এদিকে রোহিঙ্গা-রাখাইন সংঘাতের ঘটনার প্রভাব যাতে স্থানীয় লোকজনের ওপর না পড়ে এবং কোনো অপ্রতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নাইক্ষ্যংছড়ি থানার ওসি এস এম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্তমানে সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তাছাড়া তাদেরকে আশ্বস্ত করেছি- ভয়ের কিছু নেই।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৭২৭ ঘ.