ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদে নারীদের জন্য ৫০টি আসন সংরক্ষণ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইন প্রণয়নের জন্য বাংলাদেশের প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন।
রোববার সচিবালয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার দপ্তরে দেখা করে এ বিষয়ে তার মনোভাব তুলে ধরেন কানাডার হাইকমিশনার।
সংক্ষিপ্ত বৈঠকে দুই দেশের নারী উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
বৈঠকে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশের সাফল্যেরও প্রশংসা করেন করেন হাইকমিশনার।
এ সময় প্রতিমন্ত্রী হাইকমিশনারকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এসব খাতে সার্বিক সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৬১৮ ঘ.
bdnews24