ময়মনসিংহ, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহে ত্রিশাল উপজেলায় মেয়ের জামাইকে পিটিয়ে হত্যা করেছে এক শ্বশুর।
রোববার ভোররাতে উপজেলার ধানীখলা জায়েরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. বদরউদ্দিন।
ত্রিশাল থানার উপ-পরিদর্শক মান্নান মুন্সী জানান, জায়েরপাড়ের শহিদুল্লার মেয়ের সঙ্গে তিন মাস আগে একই গ্রামের রাজ্জাক সরকারের ছেলে বদরউদ্দিনের বিয়ে হয়। শনিবার রাতে জামাই বদরউদ্দিন শ্বশুরবাড়ি বেড়াতে আসেন।
“ভোররাতে শহিদুল্লাহ একটি শক্ত কাঠের লাঠি দিয়ে ঘুমন্ত বদরউদ্দিনের মাথায় আঘাত করলে গুরুতর আহত হন বদরউদ্দিন।”
বাড়ির লোকজন মুমূর্ষু অবস্থায় বদরউদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি জানিয়ে ত্রিশাল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, ঘটনার পর থেকে শহিদুল্লাহ পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৫৩৬ ঘ.
bdnews24