ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শান্তিপূর্ণভাবে সমাবেশ আয়োজনের শর্তেই নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
রোববার সচিবালয়ে নিজের কক্ষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এ বিষয়ে মৌখিক অনুমোদন দিয়েছে। পরে লিখিত অনুমোদন দেওয়া হবে।
সোমবার বেলা তিনটায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৮ দলীয় জোটের এই সমাবেশ থেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার।
বিএনপি শান্তিপূর্ণ সমাবেশের প্রতিশ্রুতি দেওয়ায় অনুমোদন পেয়েছে উল্লেখ করে টুকু বলেন, “বিরোধীদল যতবার সমাবেশ করেছে ততবার নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। সমাবেশের নামে অরাজকতা বা ভাংচুর করলে আইন-শৃঙ্খলা বাহিনী বসে থাকবে না।”
গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে সমাবেশের জন্য সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান টুকু।
সমাবেশকে সামনে রেখে ‘গণগ্রেপ্তার অভিযান’ চালানো হবে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী দাবি করেন, “সরকার কখনো গণপ্রেপ্তার করেনি, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৪৩৬ ঘ.
bdnews24