২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে অবরোধ, ব্যাপক সংঘর্ষ

খাগড়াছড়িতে অবরোধ চলাকালে পুলিশের সঙ্গে পিকেটারদের ব্যাপক ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। পিকেটারদের হামলায় আহত হয়েছেন ১০ পুলিশ সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 10:01 AM

Updated : 24 Aug 2022, 11:31 AM

খাগড়াছড়ি জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়িতে অবরোধ চলাকালে পুলিশের সঙ্গে পিকেটারদের ব্যাপক ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। পিকেটারদের হামলায় আহত হয়েছেন ১০ পুলিশ সদস্য। ভূমি কমিশন অফিস ঘেরাও কর্মসূচিতে বাধা দেওয়ার প্রতিবাদে রোববার সকালে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরাম এ কর্মসূচি শুরু করে। অবরোধ ডাকার ঘণ্টা খানেকের মধ্যে সকাল সোয়া ১০টার দিকে খাগড়াছড়ি শহরের স্বনির্ভর এলাকায় সংঘর্ষ শুরু হয়। উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ দুই রাউন্ড টিয়ার সেল ও ২০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে পিকেটারদের মারমুখী অবস্থান এবং দফায় দফায় হামলায় পিছু হটে আইন-শৃঙ্খলা বাহিনী। এ সময় অবরোধ সমর্থকদের হামলায় ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে চার জনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন- উপপরিদর্শক ওবাইদুর রহমান, কনস্টেবল মো. জসিম, আরাফত ও মামুন মিয়া। স্বনির্ভর এলাকা রণক্ষেত্রে পরিণত হলে র‌্যাব-৭-র একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় এক পিকেটারকে আটক করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে র‌্যাবের পাশাপাশি আমর্ড পুলিশ মোতায়েন করা হয়েছে। খাগড়াছড়ি পুলিশের সহকারী পুলিশ সুপার কানন কুমার দেবনাথ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এর আগে রোববার সকালে ৩৩ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলেও জনদুর্ভোগের কথা বিবেচনা করে অবরোধের সময় ১২ ঘণ্টা কমিয়ে আনা হয়। গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি নতুন কুমার চাকমা এক বিবৃতিতে অভিযোগ করেন, “সরকার কমিশনের চেয়ারম্যান খাদেমুল ইসলাম চৌধুরীকে ব্যবহার করে পাহাড়ি জনগণকে নিজ ভূমি থেকে উচ্ছেদ করার পাঁয়তারা করছে। র‌্যাব নামিয়ে দিয়ে সরকার আন্দোলন দমনের চেষ্টা করছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/১৫৫২ ঘ.