কুষ্টিয়া, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোনে চাঁদাবাজিন অভিযোগে মাদারীপুরের রাজৈর উপজেলায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া পুলিশ।
শনিবার রাতে রাজৈর উপজেলার দুটি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন রাজৈর উপজেলার চর মোস্তফাপুর গ্রামের নান্নু শেখ (৩০) ও শংকরদি গ্রামের বরযোক খন্দকার (৫৫)।
কুষ্টিয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার জয়নাল আবেদীন বলেন, এ দুই ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত সর্বহারা গ্র“পের পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে চাঁদাবাজি করে আসছে। প্রায় দুই সপ্তাহ ধরে মোবাইল ট্রাকিংয়ের পর তাদের অবস্থান সনাক্ত করে অভিযান চালানো হয়।
“সর্বশেষ কুষ্টিয়ার আমলারপাড়ার হারুন-অর-রশিদ নামের এক ব্যক্তির কাছে মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে তারা। এ ব্যাপারে হারুনের জিডির পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।”
চাঁদাবাজির অভিযোগে তাদের বিরুদ্ধে অর্ধ শতাধিক জিডি রয়েছে বলেও জানান জয়নাল আবেদীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৩৩৬ ঘ.
bdnews24