ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলিক গবেষণার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে প্রায়োগিক গবেষণার ওপর জোর দেওয়ার জন্য গবেষকদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে (বিসিএসআইআর) রাসায়নিক পরিমাপের জন্য প্রতিষ্ঠিত রেফারেন্স ইন্সটিটিউটের উদ্বোধন করে তিনি বলেন, “শুধু গবেষণার জন্য গবেষণা করলে চলবে না। গবেষণাকে অর্থবহ করতে হবে। দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যকে সামনে নিয়ে গবেষণা করতে হবে।”
“আমাদের প্রয়োজন লাগসই গবেষণা। যাতে উদ্ভাবন সহজলভ্য হয়। যাতে সাধারণ মানুষ তা গ্রহণ করতে পারে। যাতে কৃষি ও শিল্প উৎপাদন বাড়ে। সর্বোচ্চ উৎপাদনশীলতা নিশ্চিত হয়। সেবার মান ও ক্ষেত্র বৃদ্ধি পায়। দেশীয় সম্পদ ও সামর্থ্যরে সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করা যায়”, যোগ করেন প্রধানমন্ত্রী।
রাসায়নিক পরিমাপের জন্য প্রতিষ্ঠিত রেফারেন্স ইন্সটিটিউটের বিভিন্ন দিক তুল ধরে শেখ হাসিনা বলেন, নতুন এই ইনস্টিটিউটে খাদ্য সামগ্রী, পানীয় ও ওষুধ পরীক্ষা করা হবে। শিল্পের মান নিয়ন্ত্রণে এখান থেকে ব্যবস্থাপত্র দেওয়া হবে।
বিশ্বায়নের এ যুগে প্রতিযোগিতায় টিকে থাকলে হলে মান নিয়ন্ত্রণ জরুরি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই ইনস্টিটিউট থেকে উদ্যোক্তারা মান নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সেবা পাবেন।
দেশীয় পণ্য ও শিল্পকে বিশ্বমানে নিয়ে যাওয়ার জন্য রাসায়নিক বিশ্লেষক ও গবেষকদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “আমরা এখন অনেক কিছু আমরা রপ্তানি করছি। খাদ্যপণ্য রপ্তানি করে বিশ্ব বাজার ধরতে হবে। রপ্তানি বাড়াতে হলে মান নিশ্চিত করতে হবে। আর, তা করতে পারেন আপনারাই।”
তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শিল্প ও সেবাখাতের সর্বোচ্চ উৎপাদনশীলতা নিশ্চিত করার জন্যও দেশের বিজ্ঞানী, গবেষক, শিক্ষক, শিক্ষার্থীসহ সবার প্রতি আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৈজ্ঞানিক গবেষণা ও শিল্পের জন্য লাগসই প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে ১৯৭৩ সালে বিসিএসআইআর প্রতিষ্ঠা করেছিলেন, দেশের প্রখ্যাত বিজ্ঞানীদের সমাবেশ ঘটিয়েছিলেন।
পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণার জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও প্রধানমন্ত্রী অনুষ্ঠানে তুরে ধরেন।
তিনি বলেন, “বিসিএসআইআর উদ্ভাবিত আর্সেনিক সনাক্তকরণ কিট, আর্সেনিক দূরীকরণ ফিল্টার. ফরমালিন সনাক্তকরণ কিট, বায়োগ্যাস প্ল্যান্ট ও উন্নতমানের চুল্লী বেশ জনপ্রিয় হয়েছে। জনগণের জীবনমান উন্নয়নে এসব উদ্ভাবন সহায়তা করছে।”
বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় শেখ হাসিনা পরিবেশবন্ধব প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন এবং এই ক্ষেত্রে গবেষণা বাড়ানোর তাগিদ দেন।
কৃষি গবেষণার গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা ধান ও ধান জাতীয় পণ্য দক্ষিণাঞ্চলে নিয়ে আসবো। উত্তরাঞ্চলে গম নিয়ে যাবো। আমরা অধিক ফসল ফলাতে পারি। নিজেদের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করতে পারি।”
তিনি বলেন, “আমাদের লক্ষ্য, ২০২১ সালের মধ্যে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধ, শান্তিপূর্ণ, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিসম্পন্ন বাংলাদেশ গড়া। যার মাধ্যমে আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো। এ লক্ষ্য অর্জনে দেশের বিজ্ঞানী, গবেষক, কৃষক, উদ্যোক্তাসহ সব শ্রেণী-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-১২ আসনের সাংসদ শেখ ফজলে নূর তাপস বিসিএসএইআরের পক্ষ থেকে কিছু দাবি-দাওয়া তুলে ধরেন। তিনি বিজ্ঞান গবেষণাখাতে বরাদ্দ বাড়ানো, প্রশিক্ষণ ইন্সটিটিউট প্রতিষ্ঠা, পদন্নোতির জটিলতা নিরসন, বিসিএসএইআরের কোয়ার্টার সংস্কার ও ভবণ নির্মাণ এবং দুটি বাসের দাবির কথা জানান।
এসব বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “পদন্নোতির বিষয়টি নিয়ে আর সমস্যা হবে না। সত্যিকারে গবেষণায় যারা নিযুক্ত, তাদের চাকরি ধরে রাখার বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি। কোয়ার্টারের সংস্কার এবং গবেষণাগারেও উন্নত সামগ্রী দরকার।”
বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বিসিএসএইআরের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “এখানে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা আছে। সৎ প্রতিযোগিতা হলে অসুবিধা নেই, কিন্তু প্রতিযোগিতা অনেক সময় সৎ থাকে না।”
ইয়ফেস ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সভাপতি অধ্যাপক আহাম্মদ ইসমাইল মোস্তফা।
অন্যদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. দবিরুল ইসলাম এবং বিজ্ঞান ও প্রযুক্তি সচিব ড. মো আব্দুর রব হাওলাদার অনুষ্ঠানে বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৫৩০ ঘ.
bdnews24