ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার একটি নামকরা হাসপাতালের চিকিৎসা ব্যয় বিল পরিশোধ করতে না পেরে শিশু পুত্র সন্তানের লাশ না নিয়েই গাজীপুর ফিরে গেলেন বাবা দিনমজুর সাইফুল ইসলাম।
মারা যাওয়ার প্রায় ৫০ ঘন্টা পর শনিবার বিকালে মোহাম্মদপুর থানা পুলিশ শিশুটির লাশ হেফাজতে নেয়। পরে তা আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তরের ব্যবস্থা করে।
তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, পরে ওই শিশুটির পরিবারকে বিল পরিশোধ ছাড়াই লাশ নিয়ে যাওয়ার অনুরোধ করা হলেও তারা আসেনি।
গাজীপুরের কাপাসিয়া থানার ডিগদা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী রোকেয়া বেগম গত ২৭ মে একটি ছেলে সন্তান প্রসব করেন। কিন্তু নবজাতকের অবস্থা ভালো না হওয়ায় সেখানকার ডাক্তারের পরামর্শে ওই দিনই দুপুরে তাকে রাজধানীর মোহাম্মদপুরের সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের ব্যবস্থাপক আবু সাহিদ মৃধা শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিশুটি অপরিণত অবস্থায় জন্ম নেওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। প্রায় সাত দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাত ২টায় তার মুত্যু হয়।
তিনি বলেন, শিশুটির জন্য চিকিৎসা ব্যয়বিল হয়েছিলো ৪২ হাজার টাকা। ভর্তির সময় তার পরিবার ১৫ হাজার টাকা পরিশোধ করে। বাকী ২৭ হাজার টাকা জোগাড় করার কথা বলে শুক্রবার সকালে নবজাতকের বাবা সাইফুল ইসলাম হাসপাতাল থেকে বের হয়ে যান এবং আর ফিরে আসেননি। বার বার তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও আসছি বলে আর আসেননি তিনি।
“পরে বিলের বাকী ২৭ হাজার টাকা পরিশোধ করতে হবে না বলা হলেও তাদের কেউ আর আসেনি। শিশুটির মরদেহ নিয়ে না যাওয়ায় পুলিশে খবর দেওয়া হয়”, যোগ করেন মৃধা।
সাইফুল ইসলামের স্ত্রী রোকেয়া বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভর্তির সময় হাসপাতালে ১৫ হাজার টাকা দেওয়ার পরও ১০ হাজার টাকার ওষুধ কিনে দেওয়া হয়েছে।
“বাচ্চাটি মারা যাওয়ার পর তারা (হাসপাতাল কর্তৃপক্ষ) আরো ৪০হাজার টাকা দাবি করে। টাকা নেই বলে ম্যানেজারের হাত-পা ধরা হয়েছে, কিন্তু টাকা না দিলে তারা মরদেহ দিবে না বলে জানিয়ে দেয়। পরে বাধ্য হয়েই সন্তানের লাশ ফেলে আসতে হয়েছে ”, অভিযোগ করেন শিশুর মা।
তার স্বামী সাইফুল দিনমজুর দাবি করে রোকেয়া জানান, এর আগে তার দুই মেয়ে সন্তানের জন্ম হয়েছিলো। সাড়ে চার বছর বয়সে দেওয়াল চাপা পড়ে একজন মারা যায়। পরে আরেকটি মেয়ে সন্তানের জন্ম হলেও একদিন বয়সে তারও মৃত্যু হয়।
শুধু অর্থের অভাবে শিশু সন্তানের মরদেহ নিতে পারেননি বলে জানান রোকেয়া বেগম।
এ ব্যাপারে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাইফুলের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা টাকা দিতে পারবে না জানিয়ে বলেছে লাশ যেনো তাদের গ্রামের বাড়ি পৌঁছে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/১৮৩৮ ঘ.
bdnews24