মহসীনুল করিম
জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানকে সামনে রেখে দেশে আমিষের চাহিদা মেটাতে ডিম ও মুরগির বাচ্চা আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আগামী রমজানের আগেই আমদানি করা ডিম ও মুরগির বাচ্চা দেশে আসবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।
আগামী জুলাই মাসের শেষ অর্ধে রমজান শুরু হবে। ওই সময়ে দেশে ডিম ও মুরগির চাহিদা বেড়ে যাবে। গত কিছুদিন ধরেই এই দুটি নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী।
কয়েক মাসে মুরগির মাংসের কেজি ৫০ টাকা বেড়ে এখন ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ডিমের হালি ২৫ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৩৮-৩৯ টাকায়।
গত সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকের পর মুরগি ও ডিমের দাম নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয় বলে জানান প্রাণিসম্পদমন্ত্রী।
“তাকে জানিয়েছি, রমজানে দাম নিয়ন্ত্রণে রাখতে আগেই ডিম ও মুরগি আমদানি করতে হবে। নইলে এ দুটির দাম নিয়ন্ত্রণ সম্ভবপর হবে না,” বলেন তিনি।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ডিম ও মুরগি আমদানিতে সম্মতি দিয়েছেন। এখন বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে।
ডিম ও মুরগির বাচ্চা আমদানির জন্য সম্ভাব্য আমদানিকারক নির্বাচন ও মনোনয়ন দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় তা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে জানাবে।
বার্ড ফ্লু আক্রান্ত দেশ থেকে ডিম ও বাচ্চা আমদানি না করারও সিদ্ধান্তও হয়েছে বলে জানান লতিফ বিশ্বাস।
তিনি বলেন, “এক্ষেত্রে প্রতিবেশী দেশ ভারতের পরিবর্তে পাশের থাইল্যান্ডসহ অন্য কয়েকটি দেশ থেকে ডিম ও মুরগির বাচ্চা আনা হতে পারে।”
বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে ডিম ও মুরগির বাচ্চা আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দেশের ব্যবসায়ীদের আপত্তির কারণে দীর্ঘদিন ধরে ডিম ও মুরগির বাচ্চা আমদানি বন্ধ ছিল।
সরকার গত সপ্তাহে ডিম ও মুরগির বাচ্চা আমদানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিলেও এখনো কাউকে ডিম ও বাচ্চা আমদানির অনুমতি দেওয়া হয়নি বলে কর্মকর্তারা জানান।
ডিম ও মুরগির বাচ্চা আমদানিতে সায় দিতে না চাইলেও চাহিদার তুলনায় উৎপাদন কম বলে স্বীকার করেছেন ব্যবসায়ীরা।
বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের মহাসচিব মঞ্জুর মোর্শেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই সিদ্ধান্তে দেশীয় খামার শিল্প ক্ষতিগ্রস্ত হবে।
“তবে আমদানি ছাড়া কিছুই করার নেই। কারণ বর্তমান উৎপাদন দেশের চাহিদার তুলনায় অর্ধেক। এ অবস্থায় আমদানির মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে,” বলেন তিনি।
খামারিদের হিসোবে, দেশে বর্তমানে ডিমের দৈনিক চাহিদা প্রায় ২০ কোটি হলেও উৎপাদন ১০ কোটি।
বর্তমানে ডিম ও মুরগির চড়া দাম আগামী ৩০ জুনের মধ্যে সহনশীল পর্যায়ে আসার ইঙ্গিত দিয়ে মঞ্জুর মোর্শেদ বলেন, “দাম কমে যাওয়ার পর সরকার এগুলো আমদানি চালিয়ে যাবে না বলে আশা করি।”
মুরগি ও ডিমের দাম দ্বিগুণ হয়ে যাওয়ায় এর আগে ২০১০ সালে ভারত থেকে ১০ কোটি ব্রয়লার মুরগির বাচ্চা আমদানির অনুমতি দেওয়া হয় কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানকে। ওই সময় ভারত থেকে প্রায় একই পরিমাণ ডিমও আমদানি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরআরডি/এমআই/১৬৩০ ঘ.
bdnews24