নাটোর, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক মিলন দেবের হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার বিকালে শহরের পালপাড়ায় মিলনের বাসায় ঢুকে এ হামলা চালানো হয়।
এ ঘটনায় তিনজনকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
অশঙ্কাজনক অবস্থায় মিলনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাটোর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৩টায় মিলন বাসায় খাবার খাচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতে ঘরে ঢুকে তাকে এলোপাথাড়ি কোপায়, এবং হাত ও পায়ের রগ কেটে চলে যায়।
এ সময় তার স্ত্রী ও সন্তানরা বাসার বাইরে ছিলেন। বৃদ্ধ মা শুধু ঘরে ছিলেন।
আশপাশের লোকজন তাকে প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় আটক তিনজনের নাম জানাতে চাননি ওসি।
জেলা জাসদের সভাপতি আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘসময় ধরে মিলনের অস্ত্রপোচার চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, অবস্থা এখনো আশঙ্কাজনক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৫৭ ঘ.
bdnews24