২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিরক্ষা বাজেট বেড়েছে ৮৫১ কোটি টাকা

চলতি অর্থবছরের চেয়ে ৮৫১ কোটি টাকা বাড়িয়ে প্রতিরক্ষা খাতে ১২ হাজার ৯৮৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী এ এম এ মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 03:53 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরের চেয়ে ৮৫১ কোটি টাকা বাড়িয়ে প্রতিরক্ষা খাতে ১২ হাজার ৯৮৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী এ এম এ মুহিত। প্রতিরক্ষা খাতে প্রস্তাবিত এ বরাদ্দ স্বাস্থ্য, বিদ্যুৎ ও জ্বালানি, জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতের চেয়ে বেশি। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের বাজেট উত্থাপনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, “একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় একটি শক্তিশালী ও আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত এক লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকার বাজেটের ছয় দশমিক ৭৭ শতাংশ প্রতিরক্ষা খাতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নে সরকারের উদ্যোগ তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, প্রথমবারের মতো সেনাবাহিনীর জন্য অত্যাধুনিক ট্যাংক (এমবিটি-২০০০), সেলফ প্রপেল্ড গান, উইপন লোকেটিং রাডার, আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি), আর্মার্ড রিকোভারি ভেহিক্যাল ও হেলিকপ্টারসহ অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম কেন হয়েছে। তিনি বলেন, একটি যুগোপযোগী ত্রিমাত্রিক নৌবাহিনী গড়ে তোলার লক্ষ্যে নৌ-কমান্ডো বাহিনী গড়ে তোলা হয়েছে। “বিমানবাহিনীর আধুনিকায়নে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ও পোর্টেবল ফুয়েল স্টোরেজ ব্লাডার সংগ্রহ করা হয়েছে।” অর্থমন্ত্রী বলেন, আধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার কেনা হচ্ছে। জঙ্গি বিমানের ওভারহল প্ল্যান্ট স্থাপনের কাজও চলছে। আধুনিক যুদ্ধ সরঞ্জাম কেনার পাশাপাশি তিন বাহিনীর অপারেশনাল সামর্থ্য ও কার্যক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য পাঠানো দেশের তালিকায় বাংলাদেশ বর্তমানে শীর্ষস্থানে রয়েছে। অর্থমন্ত্রী বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বর্তমানে বাংলাদেশের প্রায় ১১ হাজার শান্তিরক্ষী কর্মরত আছেন। গত তিন বছরে তারা মোট চার হাজার ৪৩০ কোটি টাকা এবং চলতি অর্থবছরে এ পর্যন্ত এক হাজার ৯৮০ কোটি টাকা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/২১৪৭ ঘ.