ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরের রাইন খোলা এলাকা থেকে সোনালী ব্যাংকের ১২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
সোনালী ব্যাংকের মিরপুর ১ নম্বর শাখা থেকে মাইক্রোবাসে করে টাকা নিয়ে রাইনখোলায় ব্যাংকটির আরেকটি শাখায় যাওয়ার পথে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
শাহআলী থানার ওসি আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোনালী ব্যাংকের মিরপুর ১ নম্বর শাখা থেকে ১২ লাখ ২০ হাজার টাকা নিয়ে একটি মাইক্রোবাসে করে দুই কর্মকর্তা রাইনখোলা যাচ্ছিলেন। তারা রাইন খোলা মোড়ে পৌঁছালে একটি প্রাইভেটকার নিয়ে কয়েকজন সন্ত্রাসী তাদের গতিরোধ করে ফাঁকা গুলি ছুড়ে মাইক্রোবাসে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়।
এ সময় সন্ত্রাসীরা মাইক্রোবাসটি ভাংচুর করে জানিয়ে তিনি বলেন, মাইক্রোবাসে ভাংচুরের সময় ওই ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল খালেক আহত হয়েছেন।
তবে এ ঘটনায় কেউ গুলিবিদ্ধ হয়েছে কি না তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
মাইক্রোবাসে ব্যাংকের কোনো নিরাপত্তাকর্মী ছিলেন কি না জানতে চাইলে ওসি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/১৬৪০ ঘ.
bdnews24