রংপুর, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর বিভাগে পরিবহন ধর্মঘটের কারণে মিল্ক ভিটার গাড়ি আসতে না পারায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে ছয় হাজার লিটার দুধ ফেলে দিয়ে বিক্ষোভ করেছে দুগ্ধ খামারিরা।
বৃহস্পতিবার রংপুরে মহাসড়কের নবদীগঞ্জ বাজারের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা যে কোনো আন্দোলন কর্মসূচিতে দুধের গাড়ি আওতামুক্ত রাখার আহ্বান জানান।
পাশাপাশি দুগ্ধ খামারিরা রংপুরে মিল্ক ভিটার নিজস্ব জায়গায় পাউডার দুধ উৎপাদনের কারখানা স্থাপন করারও দাবি জানান।
রংপুরে মিল্ক ভিটা দুগ্ধ সমবায় সমিতি সদস্যদের কাছ থেকে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার লিটার দুধ সংগ্রহ করে, যা মিল্ক ভিটার দুধ পরিবহন গাড়ি এসে নিয়ে যায়।
কিন্তু তিন দিন ধরে রংপুর বিভাগীয় সড়ক পরিবহন সমিতির নামে পরিবহন ধর্মঘটের কারণে তাদের খামারে উৎপাদিত দুধ সরবরাহ করা যাচ্ছে না।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সমবায় সমিতির সভাপতি হাবিবুর রহমান, দুগ্ধ উৎপাদনকারী শাহিনুর রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/১৫২২ ঘ.
bdnews24