ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়কর ফাঁকির মামলায় একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক অভিযোগ গঠন করে আগামী ১২ জুলাই এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন রাখেন।
একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালাম এবং ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আদালতে নিজেদের নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতি চান।
সংশ্লিষ্ট আদালতের পেশকার ইফতেখার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারক তাদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচার শুরুর আদেশ দিয়েছেন।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ কর কমিশনার মো. আবু সাঈদ সোহেল গত ২০ মার্চ জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এ মামলা দায়ের করেন।
মামলায় বলা হয়, আসামিরা ২০০৭ থেকে ২০০৯ করবর্ষ পর্যন্ত প্রতিষ্ঠানের আয়কর বিবরণী দাখিল করেননি। এ বিষয়ে তাদের নোটিশ দেওয়া হলেও তারা পালন করেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৫১০ ঘ.
bdnews24