২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের হাত-পা বেঁধে মেয়েকে খুন

রাজধানীর সেগুনবাগিচায় তোপখানা রোডের একটি বাড়িতে মায়ের হাত-পা ও মুখ বেঁধে মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 07:34 AM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সেগুনবাগিচায় তোপখানা রোডের একটি বাড়িতে মায়ের হাত-পা ও মুখ বেঁধে মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের অতিরিক্ত কমিশনার সৈয়দ নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে এ হত্যাকাণ্ড ঘটলেও বিষয়টি জানাজানি হয় বৃহস্পতিবার। সকালে তোপখানা রোডের ২৭/১৩ নম্বর বাড়ির নিচতলায় গিয়ে ঘটনার শিকার নিশাত বানুর (৪৭) লাশ উদ্ধার করে পুলিশ। নিশাতের মা খালেদা বানু (৭৩) সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে তিন যুবক তৃতীয় তলার ভেন্টিলেটার ভেঙে ভবনে প্রবেশ করে। এরপর তারা সিঁড়ি দিয়ে নিচতলায় নেমে তার ও নিশাতের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর দুজনকে দুটি কক্ষে নিয়ে যায়। পাশের কক্ষে নিয়েই দুবৃত্তরা নিশাতকে গলা টিপে হত্যা করে বলে খালেদা বানু জানান। এছাড়া দুবৃত্তরা চলে যাওয়ার সময় আসবাবপত্র ভাংচুর করে এবং ৩০ হাজার টাকাসহ ছয়টি দলিল নিয়ে যায়। খালেদা বানু জানান, প্রায় ২৪ ঘণ্টা আটকে থাকার পর বুধবার রাত ২টার দিকে তিনি বাঁধন খুলে ফেলতে সক্ষম হন এবং পাশের ঘরে গিয়ে নিশাতের রক্তাক্ত লাশ দেখতে পান। এ সময় তিনি জানালা দিয়ে চিৎকার করে পথচারীদের সাহায্য চাইলে তারা এসে তাকে উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়। এই বৃদ্ধা অভিযোগ করেন, তোপখানা রোডে তার মালিকানাধীন আপ্যায়ন রেস্তোরাঁটি ২০ বছর আগে ভাড়া নেয় দুই ভাই সাইফুল তালুকদার ও সেলিম তালুকদার। তারা কখনো ভাড়াতো দেয়ইনি, বরং ভাড়া চাইলে নানাভাবে হুমকি দিয়ে এসেছে। খালেদা বানুর ধারণা সম্পত্তির লোভেই সাইফুল ও সেলিম এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। অতিরিক্ত কমিশনার সৈয়দ নুরুল ইসলাম জানান, তিন তলা ওই ভবনের মালিক খালেদা বানু। মেয়ে নিশাতকে নিয়ে তিনি নিচ তলায় থাকতেন। খালেদার তিন মেয়ের মধ্যে নিশাত মেজ। বাকিরা আমেরিকা প্রবাসী। দুই ভাইকে গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুলিশ নিশাতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরআরডি/জেকে/১৩২৫ ঘ.