রাজবাড়ী, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে রাজবাড়ী সরকারি আধুনিক হাসপাতালের বহির্বিভাগে দুই দিনব্যাপী কর্মবিরতি শুরু হয়েছে।
বুধবার চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা এ প্রতিবাদ কর্মসূচি শুরু করেন।
তবে হাসপাতালের জরুরি বিভাগ খোলা রয়েছে।
চিকিৎসকরা জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজবাড়ী পৌর এলাকার দক্ষিণ ভবানীপুর গ্রামের গোলাম মোস্তফা নামে বিষপান করা এক রোগী হাসপাতালে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে বিকেলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক হারুন অর রশীদ।
রোগীকে স্থানান্তরের আগে দেখতে গেলে স্বজনরা অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ করে ড. হারুনকে লাঞ্ছিত করেন। এ সময় হাসপাতালের অন্যরা এগিয়ে গেলে তাদের সঙ্গেও রোগীর স্বজনদের ধস্তাধস্তি হয়।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের সদস্য সচিব ডা. এএফএম শফিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এর আগেও রাজবাড়ী সদর হাসপাতালে এমন ঘটনা ঘটলেও অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে ওই ঘটনার প্রতিবাদে চিকিৎসকরা বুধবার সকালে হাসপাতালের তত্বাবধায়কের কক্ষে রাজবাড়ী জেলা বিএমএ’র সভাপতি ডা. গোলাম মোস্তফার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
ডা. গোলাম মোস্তফার জানান, হামলার প্রতিবাদে রাজবাড়ী সরকারি আধুনিক হাসপাতালের বহির্বিভাগে কর্মবিরতি ছাড়াও জেলার চারটি উপজেলা হাসপাতালেও একই কর্মসূচি পালিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৬৪৬ ঘ.
bdnews24