ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বছরের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ঢাকার নির্মাণাধীন গুলিস্তান-যাত্রাবাড়ী (মেয়র মোহাম্মদ হানিফ) ফ্লাইওভার উদ্বোধন করা হবে।
এ সময়ের মধ্যে ফ্লাইওভারটির নির্মাণ কাজ শেষ করতে এর সঙ্গে জড়িতদের রমজান ও ঈদের ছুটিসহ সব ছুটি বাতিল করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খান।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সভাপতিতে ¡মোহাম্মদ হানিফ ফ্লাইওভার নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা সভায় বুধবার এ ঘোষণা দেন তিনি।
এর আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চলতি বছরের ১৬ ডিসেম্বর এ ফ্লাইওভারটির কার্যক্রম উদ্বোধনের ঘোষণা দিয়েছিলেন। নতুন ঘোষণায় এটির উদ্বোধন প্রায় সাড়ে তিন মাস পিছিয়ে গেল।
সভায় প্রতিমন্ত্রী বলেন, রাজধানীবাসীর জন্য গ্যাস, বিদ্যুৎ ও পানির সরবরাহ অব্যাহত রাখতেই এই প্রকল্পে কিছুটা বিলম্ব হয়েছে। এজন্য ফ্লাইওভারটির উদ্বোধন আরো তিন মাস পিছিয়ে নেওয়া হয়েছে।
প্রকল্প সংশিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের কারণে ফ্লাইওভার নির্মাণ কাজ শেষ করতে আরো দেরি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “আগামী বছরের ২৬ মার্চ এ ফ্লাইওভারটি চালু করতে চাই। এ ব্যাপারে সবাইকে তৎপর থাকতে হবে। এ জন্য কোনো কঠিন পদক্ষেপ নিতে হলে, তা আমাদের জন্য দুর্ভাগ্যজনক হবে।”
সচিব আবু আলম মো. শহিদ খান বলেন, প্রকল্পের কাজ ঘোষিত সময়ের মধ্যে শেষ করতে এর সঙ্গে জড়িতদের রমজান ও ঈদসহ সব ধরণের ছুটি বাতিল করা হয়েছে। এক্ষেত্রে কোনো শিথিলতা গ্রহণযোগ্য হবে না।
ফ্লাইওভার নির্মাণ প্রকল্প এলাকার সেবা সংস্থাগুলোর সরবরাহ লাইন স্থানান্তর করতে আগামী আগস্ট মাস পর্যন্ত আরও দুই মাস সময় দেওয়ার কথাও জানান সচিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৫৪৪ ঘ.
bdnews24