২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার পর লাশ টুকরা: ৭ সাক্ষীর জবানবন্দি

রাজধানীর হাতিরপুলে কিশোরীর ২৬ টুকরা লাশ উদ্ধারের মামলায় সাতজন সাক্ষী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2012, 03:43 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাতিরপুলে কিশোরীর ২৬ টুকরা লাশ উদ্ধারের মামলায় সাতজন সাক্ষী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার ঢাকার দুই জন মহানগর হাকিমের খাসকামরায় তারা দুপুর থেকে বিকাল পর্যন্ত জবানবন্দি দেন। হাকিম কেশব রায় চৌধুরী ও আনোয়ার সাদাত তাদের জবানবন্দি শোনেন। মহানগর পুলিশের তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশ উদ্ধারের ঘটনাস্থলের আশেপাশের এই সাতজন সাক্ষী হলেন- ওসমান সারোয়ার জুয়েল, মশিউর রহমান, ইলিয়াস চৌধুরী, মো. আলিম, মো. আলীম, মো. খোকন ও মো. পলাশ। গত শনিবার সকালে হাতিরপুলের নাহার প্লাজার একটি হোটেল কক্ষ থেকে কিশোরী রুমির (১৫) ২৬ টুকরা লাশ উদ্ধার করা হয়। গত রোববার ওই ঘটনায় গ্রেপ্তার সাইদুজ্জামান বাচ্চুকে (২৬) জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের হেফাজতে নেয় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/২১৪১ ঘ.