২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশে অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যে ব্যবসায়ী অপহরণ

ওষুধ আমদানিকারক মাহমুদুন্নবীকে দুপুরে কাকরাইল থেকে তার গাড়িসহ তুলে নেওয়া হয়। এতে তার ব্যবসায়িক অংশীদারের ভাতিজা জড়িত বলে অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2012, 03:06 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জীবনের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করার কয়েক ঘণ্টার মধ্যে অপহৃত হয়েছেন রাজধানীর এক ব্যবসায়ী। কাকরাইল এলাকা থেকে মঙ্গলবার দুপুরে মাহমুদুন্নবী (৭৩) নামে ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়। এই অপহরণকাণ্ডে মাহমুদুন্নবীর ব্যবসায়িক অংশীদারের ভাতিজা মাসুম জড়িত বলে পুলিশ নিশ্চিত হয়েছে। মাহমুদুন্নবী ক্যাপরিকন এন্টারপ্রাইজ নামের একটি ওষুধ আমদানিকারক প্রতিষ্ঠানের মালিক। তার বাসা মোহাম্মদপুরের খিলজী রোডে। তার ব্যবসা প্রতিষ্ঠান পুরানা পল্টনে। বেলা আড়াইটার দিকে মাহমুদন্নবীকে তার গাড়িচালকসহ শহীদ মিয়াসহ অপহরণ করা হয় বলে ক্যাপরিকনের কর্মীরা জানিয়েছেন। এর আগে সকাল ১১টায় জীবনের নিরাপত্তা চেয়ে মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। ঘটনার প্রত্যক্ষদর্শী ক্যাপরিকনের বিপণন ব্যবস্থাপক এস এইচ কে লোহানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাইকরাইল মোড়ের কাছে সাউথ ইস্ট ব্যাংকে একটি একাউন্ট খুলে ব্যাংক থেকে বের হয়ে গাড়িতে উঠামাত্র কয়েকজন যুবক উঠে গাড়িটি শান্তিনগরের দিকে নিয়ে চলে যায়। “আমি বাধা দিতে গেলে তারা মেরে ফেলার হুমকি দিয়ে ধাক্ক দেয় এবং আমার কাছে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নেয়,” বলেন তিনি। লোহানী জানান, গাড়িতে মাসুমসহ তিনজন ওঠে। তবে তাদের সঙ্গী আরো কয়েকজন আশেপাশে ছিল। ক্যাপরিকনের এই কর্মকর্তা বলেন, মাহমুদুন্নবীর ব্যবসায়িক পার্টনার শাহজাহানের ছোট ভাইয়ের ছেলে মাসুম। অবিবাহিত অবস্থায় শাহজাহান ২০০৮ সালে মারা যান। শাহজাহান মারা যাওয়ার পর মাসুম ব্যবসায় অংশীদারিত্ব দাবি করে আসছিলেন। এজন্য মাহমুদুন্নবীকে হুমকি-ধমকিও দিয়ে আসছিলেন বলে অভিযোগ ক্যাপরিকন কর্মীদের। এমরান হোসেন জুয়েল নামে এক কর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাসুম গত সোমবার রাতে খিলজী রোডের বাসায় এসে হুমকি দিয়ে যায়। এই ঘটনা থানায় জানানোর পর মোহাম্মদপুর থানা পুলিশ বাসায় আসে। কিন্তু তার আগেই মাসুম চলে যায়।” জুয়েল জানান, মাসুমকে আইনের মাধ্যমে ব্যবসার অংশ বুঝে নেওয়ার জন্য মাহমুদুন্নবী বেশ কয়েকবার পরামর্শ দেন। কিন্তু মাসুম তা শোনেনি। ওই ঘটনার পর সকালে মোহাম্মদুপুর থানায় গিয়ে জিডি করেন মাহমুদুন্নবী। থানার ওসি মাহমুদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১১টায় থানায় জিডি করার পর বেরিয়ে যান ওই ব্যবসায়ী। এরপর বেলা পৌনে ৩টার দিকে তিনি খবর পান অপহরণের খবর। “অপহরণকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্নস্থানে অভিযান শুরু করেছে,” বলেন তিনি। মাহমুদুন্নবীর স্ত্রী-সন্তান থানায় মামলা করতে রমনা থানায় গিয়েছেন। রমনা থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শাহজাহান ক্যাপরিকন এন্টারপ্রাইজের ২৫ ভাগের মালিক ছিলেন। শাহজাহানের স্ত্রী-সন্তান না থাকায় মাসুম এই অংশীদারিত্ব দাবি করে আসছিল। মাসুমই এই ঘটনা ঘটিয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/২১০৪ ঘ.