মাদারীপুর, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদরে যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে তার স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আসামিরা হলেন- উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি গ্রামের পলাশ হাওলাদার ও তার বাবা করিম হাওলাদার।
নিহত গৃহবধূ হিরণ বেগম লিজা (২৪) একই উপজেলার মস্তফাপুর-বালিয়া গ্রামের বাদশা তালুকদারের মেয়ে। জিসান নামের তার পাঁচ বছর বয়সী এক ছেলে আছে।
নিহতের বাবা বাদশা তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছয় বছর আগে বিয়ের পর থেকেই পলাশ যৌতুকের জন্য লিজার ওপর চাপ প্রয়োগ করতে থাকে। যৌতুক হিসেবে পলাশকে কয়েক দফা বেশ কিছু টাকা দিলেও আরো টাকা দাবি করে।
টাকা না পেয়ে মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
বাদশা বলেন, “দু’দিন আগে পলাশ ও তার পরিবারের সদস্যরা আমার মেয়েকে বেদম মারধর করে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে সে মারা যায়।”
মাদারীপুর থানার এসআই সুখদেব কুমার বলেন, মেয়ের বাবার কাছ থেকে অভিযোগ পেয়ে মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লিজার মাজায় ও হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলেও জানান সুখদেব কুমার।
ওসি মো. মনিরুজ্জামান বলেন, লিজার স্বামী পলাশ হাওলাদার ও শ্বশুড়র করিম হাওলাদারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মাদারীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৭০৯ ঘ.
bdnews24