নুরুল ইসলাম হাসিব
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জেষ্ঠ্য প্রতিবেদক
ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুরগির বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে টিকা ব্যবহারের সরকারি সিদ্ধান্তে ‘অবাক’ হয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, মানবস্বাস্থের ওপর বিরূপ প্রভাব রোধে বিশ্ব জুড়ে বরং এ প্রতিষেধক ব্যবহার না করারই পরামর্শ দেওয়া হয়ে থাকে।
বিশেষজ্ঞরা বলেন, এ ধরনের প্রতিষেধক কিছু সময়ের জন্য মুরগির রোগ ঠেকাতে পারে। কিন্তু ‘নীরবে আক্রান্ত’ মুরগি থেকে মানুষের দেহে সংক্রমণ ছড়িয়ে যেতে পারে।
ইন্দোনেশিয়া, মিশর ও ভিয়েতনামে মুরগিকে এ টিকা দেওয়া হয়েছিল। কিন্তু ভাইরাসগুলো এই টিকার প্রভাবে তাদের নিজেদের পরিবর্তন ঘটানোয় এবং সংক্রামিত হয়ে মানুষ মারা যাওয়ায় পর টিকা দেওয়ার বন্ধ করে দেওয়া হয়।
প্রাণীসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস গত রোববার সাংবাদিকদের জানান, খামারিদের দীর্ঘদিনের চাহিদার প্রেক্ষিতে সরকার পরীক্ষামূলকভাবে টিকা চালু করার পরিকল্পনা করেছে।
এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান।
তবে খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞরা সরকারের এ পরিকল্পনায় ‘অবাক’ হয়েছেন।
এফএও এর এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নিয়ন্ত্রন কর্মসূচির প্রধান কারিগরি উপদেষ্টা ম্যাট ইয়ামাগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগেও টিকা না দিতে সরকারকে সতর্ক করে দেওয়া হয়েছিল।
তিনি জানান, টিকা ব্যবহার করে সফলভাবে এইচফাইভএনওয়ান ভাইরাস নিয়ন্ত্রণ করার কোনো রেকর্ড নেই।
“আমরা জোরালো ভাবে বলতে চাই যে, টিকা প্রচলনের আগে এ নিয়ে কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা উচিত।”
বিশ্বজুড়ে বার্ড ফ্লু রোধে সাধারণ খামারিদের সাধারণত ‘জৈব নিরাপত্তা’ ব্যবস্থা নিতে হলা হয়। এ ক্ষেত্রে সরকারের কর্তব্য হলো ভাইরাস সংক্রামকের খবর পাওয়া মাত্রই তা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া, আক্রান্ত মুরগি মেরে ফেলা এবং নজরদারি বাড়ানো।
ম্যাট বলেন, টিকা দেওয়া মুরগিতে যদি ভাইরাস ছড়ালে শুরুর দিকে কোনো লক্ষণ প্রকাশ পায় না। ফলে বার্ড ফ্লু ছড়াচ্ছে কিনা তা নির্ণয় করাটা খুব কঠিন হয়ে পরে।
তিনি বলেন, সবচেয়ে বেশি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত তিনটি দেশ ইন্দোনেশিয়া, মিশর ও ভিয়েতনামে বার্ড ফ্লু প্রতিরোধে টিকা দেওয়ার পরও তা মানুষের মধ্যে সংক্রামিত হয়ে অনেকেই মারা গেছে।
এটা হয়েছে ‘নীরব সংক্রামণ’ এর জন্য। শেষে এই টিকা দেওয়ার কর্মসূচিই বন্ধ করতে হয়েছে।
তিনি জানান, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো ‘জৈব নিরাপত্তা’ ব্যবস্থা নেওয়া। কিন্তু বাংলাদেশের এ ব্যবস্থার চর্চা হচ্ছে না।
গত বছর বাংলাদেশে ১৭১টি সংক্রামণের ঘটনা ঘটেছে। এ বছর বার্ড ফ্লুর ২১টি সংক্রামণের খবর পাওয়া গেছে।
রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভিয়েতনামে এক সম্মেলনে গেলে সে দেশের বিশেষজ্ঞরা টিকা না দেওয়ার পরামর্শই দিয়েছিলেন তাকে।
তিনি জানান, বাংলাদেশ এইচওয়ানএনওয়ান, এইচফাইফএনওয়ান, এইচথ্রিএনটু ও এইচনাইনএনটু- বার্ড ফ্লু ভাইরাসের এই চারটি ধরণের বিস্তার হয়েছে। এখানে নীরব সংক্রামক শুরু হলে তা হবে ভয়াবহ।
ডব্লিউএবইচও এর ইনফ্লুয়েঞ্জা বিশেষজ্ঞ ড. এএসএম আলমগীর জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কখনই এইচফাইভএনওয়ান ভাইরাসের সংক্রামন ঠেকাতে মুরগিকে টিকা দেওয়ার সুপারিশ করেনি। আর বাংলাদেশে ভাইরাসের যে ধরণগুলো ছড়িয়েছে, সেগুলোর অনেকগুলোর জন্য টিকাই বের হয়নি।
ওয়ান হেলথ বাংলাদেশের সমন্বয়ক নিতীশ চন্দ্র দেবনাথ জানান, বাংলাদেশের টিকা তেমন একটা কার্যকর হবে না কারণ ভাইরাসগুলোর এরই মধ্যে তাদের ধরণ পাল্টেছে। আর এগুলোর ধরণ পাল্টানো চলতেই থাকবে।
তিনি বলেন, “টিকাগুলো কার্যকর হলে আমরা তো এর বিরোধিতা করতাম না। এটা কাজ করে না বরং সমস্যা তৈরি করে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এসইউ/১৩৪৫ ঘ.
bdnews24