নোয়াখালী, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ট্রলার ডুবে তিন শিশু নিখোঁজ হয়েছে।
চরবগুলা গ্রামের আজমার খালের সন্নিকটে মেঘনা নদীতে মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুদের বাড়ি সুখচর ইউনিয়নের নোয়া গ্রামে।
হাতিয়া থানার ওসি মোক্তার হোসেন জানান, বিয়ের ৫০ জন যাত্রী নিয়ে তমরদ্দি জেলে পাড়ায় কনের বাড়ি থেকে ফেরার পথে আজমির খালে ইঞ্জিন চালিত ট্রলারটি ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে প্রাণ বাঁচাতে সক্ষম হলেও তিন শিশুর সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজরা হলো- নোয়া গ্রামের বিভাসের ছেলে পাতুল (৪), কৃষ্ণ রহিরর ছেলে রতন (৪) ও রনজিতের মেয়ে বকুল (৭)।
নিখোঁজ শিশুদের উদ্ধারে পুলিশ ও কোস্টগার্ড যৌথ অভিযান করছে বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮২৮ ঘ.
bdnews24