বেনাপোল, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিন দিনের লাগাতার ধর্মঘটে দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম অচল হয়ে পড়েছে।
সরকার ঘোষিত ন্যায্য মজুরির দাবিতে বন্দরের হ্যান্ডলিং শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতির তৃতীয় দিনেও বিক্ষোভ ও অবরোধে উত্তাল ছিল বেনাপোল।
শ্রমিকরা গত শনিবার থেকে কর্মবিরতি পালন করছেন।
এদিকে সোমবার দুপুরে বেনাপোল চেকপোস্টের কাছে নো ম্যান্স ল্যান্ডে দু’দেশের শ্রমিকদের সঙ্গে এক বৈঠকে বনগাঁ মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ বেনাপোল বন্দরের আন্দোলনরত শ্রমিকদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।
নিরাপত্তার জন্য বন্দর প্রশাসনিক ভবনে শতাধিক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। বন্দরে পণ্য লোড-আনলোড বন্ধ রয়েছে।
হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দর কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে মজুরি নিয়ে সমঝোতা ও তাদের দবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
জিয়া বলেন, “শ্রমিকদের প্রাপ্য মজুরি সরকারিভাবে টনপ্রতি ১৮.৩০ টাকা নির্ধারিত হলেও ঠিকাদার প্রতিষ্ঠানগুলো শ্রমিকদেরকে টনপ্রতি ১২ টাকা দিচ্ছে।”
বেনাপোল স্থলবন্দরের পরিচালক আবুল কালাম আযাদ বলেন, কর্মবিরতির কারণে বন্দরে আমদানি পণ্য লোড-আনলোড বন্ধ রয়েছে।
বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার রিজভী আহম্মেদ জানান, কর্মবিরতির কারণে আমদানিকারকরা বন্দর থেকে পণ্য খালাস করতে পারছেন না।
বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাশেদ আলী জানান, সরকার ঘোষিত নায্য মজুরি পরিশোধের দাবি না মেনে বন্দর কর্তৃপক্ষ নতুন ঠিকাদার নিয়োগ করেছে। টনপ্রতি ১৮.৩০ টাকা মজুরির দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। এ সময় কোনো অঘটন ঘটলে এর জন্য বন্দর পরিচালক দায়ী থাকবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/২১১৯ ঘ.
bdnews24