ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) আবহাওয়া সংক্রান্ত তথ্য বিনিময় মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত হচ্ছে বাংলাদেশ।
ডব্লিউএমও মহাসচিব মিশেল শারো সোমবার সচিবালয়ে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দেখা করে সংস্থাটির এ সিদ্ধান্তের কথা জানান।
এ সময় মিশেল শারো জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের নেওয়া উদ্যোগ ও কার্যক্রমের প্রশংসা করে বলেন, এ ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের নেওয়া সব উদ্যোগ ডব্লিউএমও গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
জবাবে হাছান মাহমুদ বলেন, আবহাওয়ার ওপর জলবায়ু পরিবর্তনের সুদূর প্রসারি প্রভাব রয়েছে। অতি-দরিদ্র দেশ ও উপকূলীয় এলাকাগুলোতে এর সবচেয়ে বেশি প্রতিকূল প্রভাব পড়ছে।
বিশ্ব আবহাওয়া সংস্থার উদ্যোগে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় ডব্লিউএমও’র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ ইতোমধ্যে অনেক দক্ষতা ও সক্ষমতা অর্জন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২০০৭ ঘ.
bdnews24