ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
সোমবার তিনি সাংবাদিকদের বলেন, ভোটার তালিকা হালনাগাদের কাজ অনেকটা এগিয়ে গেছে। ইতোমধ্যে ৬৪টি উপজেলার কাজ শেষ হয়েছে। আরো ৬৯টি উপজেলায় কাজ চলছে।
“আগামী ডিসেম্বরের মধ্যেই ভোটার তালিকা হালনাগাদের কাজ সম্পন্ন করা হবে,” বলেন সিইসি।
বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে ভোটার তালিকা হালনাগাদে অনিয়মের কথা উঠেছে বলে সিইসিকে জানানো হলে তিনি বলেন, “কোথায় অনিয়ম হচ্ছে, তা নির্দিষ্ট করে বলেন?”
কমিশনের নিজস্ব তথ্য সংগ্রহকারী সম্পর্কে কোনো ধরনের অভিযোগ এলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সিইসি বলেন, কমিশনের তথ্য সংগ্রহকারী ছাড়াও এলাকার স্থানীয় জনপ্রতিনিধি দ্বারা যাচাই-বাছাই করা হচ্ছে।
একইদিন জাতীয় সংসদে প্রশ্নোত্তরে সংসদে ইসি সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আবুল কালাম আজাদ জানান, ১০ মার্চ থেকে হালনাগাদ শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে।
যখন যে এলাকায় তথ্য সংগ্রহ ও নিবন্ধনের কাজ চলবে তখন সে এলাকায় ভোটার হতে ইচ্ছুকরা উপস্থিত হয়ে তথ্য দিয়ে নিবন্ধন হতে পারবেন, বলেন তিনি।
মন্ত্রী আরো জানান, রোহিঙ্গাদের ভোটার হওয়ার অপকৌশল রোধে রোহিঙ্গা অধ্যুষিত তিন পার্বত্য জেলার (কক্সবাজার, বান্দরবান ও রাঙামাটি) ১২টি উপজেলায় একটি করে বিশেষ কমিটি কাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এমআই/১৯৪০ ঘ.
bdnews24