ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অদক্ষতা, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) জ্যেষ্ঠ সহকারী সচিব আব্দুল¬াহ হাক্কানীকে এবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আবদুস সোবহান সিকদার সোমবার বরখাস্তের এই আদেশ দেন।
আদেশে বলা হয়েছে, গুরুতর অদক্ষতা, অসদাচরণ এবং দুর্নীতির অভিযোগে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, কিশোরগঞ্জের জেলা প্রশাসকের অভিযোগের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ওই কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত হয়।
কিশোরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থাকা অবস্থায় আব্দুল¬াহ হাক্কানী ভূমি বরাদ্দ ও ইজারার ক্ষেত্রে গুরুতর অনিয়ম করেন এবং নিজের নামে-বেনামে জমি গ্রহণ করেন বলে জেলা প্রশাসকের অভিযোগে বলা হয়েছে।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারি সচিব অপর্ণা রানী পালের চুক্তিতে নিয়োগের মেয়াদ তিন বছরের জন্য বাড়ানো হয়েছে। তার এ মেয়াদ বাড়ানোর আদেশ আগামী ১৪ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
জাতীয় সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব পদে প্রেষণে কর্মরত ড. মিজানুর রহমানকে প্রত্যাহার করে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে ফেরৎ পাঠানোর জন্য তার চাকরি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৮০৪ ঘ.
bdnews24