মৌলভীবাজার, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার এক চা বাগানে বজ্রপাতে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন।
নিহতরা হলেন- চা বাগানের যুগ বোনার্জী (৬০), টিলাগাঁও গ্রামের দরছ মিয়ার ছেলে সুজন মিয়া (৩২) ও নরেশ মৃধার মেয়ে সবিতা মৃধা (১৫)।
শ্রীমঙ্গলের সাতগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য স্বপন রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১১টার দিকে হুগলিয়া চা বাগানের কাজ করার সময় হঠাৎ ঝড় শুরু হলে শ্রমিকরা পাশের রাবার বাগানের ভেতর একটি ঘরে আশ্রয় নেয়। এ সময় বজ্রপাতে সবিতা মৃধা, যুগ বোনার্জী ও সুজন মারা যায়। আহত হয় আরো অন্তত ১০ জন শ্রমিক। তাদেরকে হুগলিয়া চা বাগান ডিসপেনসারিতে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- সুক চাষা (৩০), অঞ্জনা চাষা (২৫), ঈমানী চাষা (২৬), রাধা চাষা (২২), উবানী দাশ (১৬), আদরী দাশ (২৫), কুনতলা বুনার্জী (৬০), সুবুদ্রা কর্মকার (১৬), আরতি সাঁওতাল (১৬) ও জয়ন্তী (১৮)।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ময়নাতদন্ত ছাড়াই নিহতদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৬৩৫ ঘ.
bdnews24