সিলেট, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি পাথর কোয়ারিসহ অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে।
রোববার গভীর রাতের এ ঢলে অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন বলে প্রশাসন জানায়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরী জানান, গভীর রাতে পাহাড়ী ঢলে বিছনাকান্দি এলাকার আশামপাড়া, ছড়ারপার, বগাইয়া, মুসলিমপাড়া, লিডারবস্তি, বগাইয়ার হাওর ও বিছনাকান্দি বিজিবি ক্যাম্পসহ অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়।
এসব এলাকার প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
তিনি জানান, আকস্মিক ঢলে ওই গ্রামগুলোর অন্তত ৬টি রক্ষা বাঁধ ভেঙ্গে যাওয়ায় এ ঘটনা ঘটে।
সোমবার দুপুরে ২ টায় ইউএনও জানান, ঢলের পানি নামতে শুরু করায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে।
ইউএনও জানান, দুর্গতদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২ টন চাল বরাদ্ধ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৪৫৯ ঘ.
bdnews24