২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ জয় নারীদের অনুপ্রাণিত করবে: নিশাত

বাংলাদেশের প্রথম নারী হিসাবে বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়া এভারেস্ট জয় করে দেশে ফিরে নিশাত মজুমদার বলেছেন, তার এ সাফল্য দেশের নারীদের অনুপ্রাণিত করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 01:09 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের প্রথম নারী হিসাবে বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়া এভারেস্ট জয় করে দেশে ফিরে নিশাত মজুমদার বলেছেন, তার এ সাফল্য দেশের নারীদের অনুপ্রাণিত করবে। রোববার বিকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নিশাত। এদেশের নারীদের মধ্যে দৃষ্টান্ত স্থাপনকারী এই নারী বলেন, বাংলাদেশের মেয়েরাও যে কঠিন কাজ করতে পারে তা করে দেখিয়েছেন তিনি। “একজন পর্বতারোহী হিসেবে মেয়ে না ছেলে এটা কখনোই মাথায় আসেনি। তবে একজন নারী হিসেবে বলবো, আমাদের দেশের মেয়েরাও যে কঠিন কাজ করতে পারে তা প্রমাণ হয়েছে। এ আত্মবিশ্বাস এখন থেকে নারীদের অনুপ্রেরণা হয়ে থাকবে।” দেশের মাটিতে ফিরে এসে নিশাত তুলে ধরেছেন এভারেস্ট জয়ের পথে নানা বাধা-বিপত্তির কথা। এভারেস্টে বরফ ধসের মুখে পড়েছিলেন জানিয়ে নিশাত বলেন, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে এসেছেন তিনি। “নেমে আসার সময়ে বরফ ধসের মুখে পড়তে হয়েছিলো। আমাদের সাথে থাকা অনেক পর্বতারোহীই দুর্বলতার কারণে মারা গিয়েছেন। আমরা সেখান থেকে অলৌকিক ভাবে বেঁচে ফিরেছিক,” বলেন নিশাত। বরফ ধস থেকে ফিরে এলে কিছুটা আহত হতে হয়েছে নিশাতকে। কপাল, নাক ও মাথার আঘাত পাওয়ার কথা জানান তিনি। এর আগে বিকাল ৫টা ২৫ মিনিটে এভারেস্ট জয়ী এম এ মুহিত ও নিশাতকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজ বিজি-৭০২ বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালে অবতরণ করে। এভারেষ্ট বিজয়টি কাউকে উৎসর্গ করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নিশাত বলেন, “বিজয় উৎসর্গ করবো তরণ-তরুণীদের। আমি আশা করি, তারা নতুন নতুন এডভেঞ্চার করবে এবং ধূমপান ও সব ধরনের মাদক পরিহার করবে।” গত ১৯ মে প্রথম বাংলাদেশি নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেন নিশাত। তার সঙ্গে ছিলেন এম এ মুহিত যিনি এর আগেও একবার এভারেস্ট জয় করেছিলেন। তারা দুই জনই বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাবের সদস্য। তাদের সাথে ছিলেন তাদের গাইড মিংমা গালজি শেরপাঁ। গত ২৬ মে এভারেস্টের চূড়া থেকে বেসক্যাম্পে নামেন তারা। এভারেষ্ট চূড়ায় দেশের বিজয় পতাকা উড়ানোর অভিজ্ঞতা বর্ননা করে নিশাত বলেন, “সেদিন আবহাওয়া অনেক খারাপ ছিলো। প্রচণ্ড বাতাস মনে হচ্ছিল আমাদের তিব্বতে নিয়ে ফেলবে। পতাকা ওড়ানোর সময় বিশ্বাসই হচ্ছিল না যে আমি পেরেছি। পুরো বিষয়টাই স্বপ্ন মনে হচ্ছিল।” এরপর সেখানে ১ ঘণ্টা সময় কাটিয়ে নিচে নেমে আসেন তিনি। দ্বিতীয় বারের মতো এভারেস্ট জয় করা নিশাতের সঙ্গী মুহিত তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, “এবার আমরা যে পথে উঠেছি তা গতবারের চেয়েও প্রায় ২০ গুণ কঠিন। এর কারন বরফধস। প্রতিবছর শুধু বরফধসেই প্রায় ১৩ থেকে ১৪ জন আরোহী মারা যান।” আবারো পাহাড়ে উঠবেন কিনা এমন প্রশ্নের জবাবে মুহিত বলেন, “পৃথিবীতে প্রায় ১৪ টি বৃহৎ পর্বত রয়েছে এর প্রত্যেকটিতেই বাংলাদেশের পতাকা ওড়াতে চাই।” লক্ষ্মীপুরের মেয়ে নিশাত থাকেন ঢাকার পান্থপথে ভাড়া বাসায়। ব্যবসায়ী বাবা আবদুল মান্নান মজুমদার ও গৃহিণী মা আশুরা মজুমদারের চার সন্তানের মধ্যে দ্বিতীয় তিনি। তার জন্ম ১৯৮১ সালে। বিমানবন্দরে তার বাবা ও মাও নিশাতদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। নিশাতদের অবতরণের অনেক আগে থেকেই বিমান বন্দরে ভিড় করছিলেন তাদের শুভানুধ্যায়ীরা। তাদের হাতে ছিলো বাংলাদেশের জাতীয় পতাকা। বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাবের সদস্যদের টি-শার্টে লেখা ছিলো ‘নিশাত ও মুহিতের শিকড়ের কথা বলতে চাই।’ নিশাত ও মুহিতকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রামগঞ্জ উপজেলা সমিতি, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, ঢাকাস্থ সর্বস্তরের লক্ষ্মীপুরবাসী, ওয়াসা কর্মকর্তা কর্মচারী পরিষদ। এ ছাড়া ফেরদৌসী প্রিয়ভাষিণী এবং লক্ষ্মীপুরের মহিলা সংসদ সদস্য নাজমা আক্তারও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর বিমান বন্দর থেকে একটি গাড়ির শোভাযাত্রা শহীদ মিনারের উদ্দেশ্যে বের হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএইচ/জেকে/এএল/২১৫২ ঘ.