ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ আন্দোলনের পর অবশেষে সিলেকশন গ্রেড পেতে যাচ্ছে শুধু মন্ত্রণালয় ও বিভাগের চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীরা।
এমএলএসএস ও দপ্তরি পর্যায়ের কর্মচারীদের সিলেকশন গ্রেড দিয়ে রোববার আদেশ জারি করে অর্থ বিভাগ। এতে এসব সরকারি কর্মচারীর বেতন স্কেল একধাপ এগোচ্ছে।
অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগের যুগ্ম-সচিব (বাস্তবায়ন-১) আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, এমএলএসএসের বেতন স্কেল ৪১০০-৭৭৪০ (২০তম স্কেল) থেকে ৪২৫০-৮১৪০ (১৯তম স্কেল)-এ উন্নীত হয়েছে।
একইসঙ্গে দপ্তরিদের বেতন স্কেল উন্নীত হয়েছে ৪২৫০-৮১৪০ (১৯তম স্কেল) থেকে ৪৪০০-৮৫৮০ (১৮তম স্কেল)-এ।
আদেশে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের এ দু’টি পদে কর্মরত কর্মচারীদের চাকরির ১০ বছর পূর্তিতে শতভাগ সিলেকশন গ্রেড দেওয়া হবে। আদেশ জারির দিন থেকে এ সুবিধা কার্যকর হবে।
এ ব্যাপারে বাংলাদেশ সচিবালয় চতুর্থ শ্রেণী কর্মচারি সমিতির সভাপতি হীরন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারের এ সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তবে চতুর্থ শ্রেণীর সব কর্মচারীকে এ সুবিধা দেওয়া উচিত ছিল।
৪১০০-৭৭৪০ টাকা বেতন স্কেলে চাকরিতে ঢোকা সকল কর্মচারিকেই যেন এ সুবিধা দেওয়া হয়, সেজন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
গত ৪ মে সচিব কমিটির সভায় চতুর্থ শ্রেণীর কর্মচারিদের সিলেকশন গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৮২২ ঘ.
bdnews24