ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রলয়ংকরী ঘুর্ণিঝড় সিডর ও আইলার ধকল কাটিয়ে গত কয়েক বছরে সুন্দরবনের ৬৭ শতাংশ এলাকার আগের তুলনায় বনজ সম্পদ বেড়েছে বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ।
ইউএসএআইডি ও ইউএস ফরেস্ট সার্ভিসের আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত এক জরিপ প্রতিবেদনের সূত্র উল্লেখ করে বনমন্ত্রী দাবি করেন, সরকারের সময়োচিত পদক্ষেপ এবং কর্মসূচি বাস্তবায়নের ফলে এ সাফল্য এসেছে।
সচিবালয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রোববার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ এ তথ্য জানান।
আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ উপলক্ষে সরকারের পক্ষ থেকে নেওয়া কর্মসূচি ও অনুষ্ঠান সম্পর্কে পরিবেশমন্ত্রী বলেন, ৫ জুন বঙ্গবন্ধু আন্ডর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ দিবস, বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক, ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন’ ও বৃক্ষরোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার বিতরণ করবেন। এতে তিনজন পরিবেশ পদক ও তিনজন বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড পুরস্কার পাবেন।
হাছান মাহমুদ জানান, বৃক্ষরোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারের জন্য ১৫টি ক্যাটাগরিতে ৪৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে। এছাড়া সামাজিক বনায়নে সর্বোচ্চ আর্থিক সুবিধা পাওয়া একজন এতে পুরস্কার পাবেন।
মন্ত্রী বলেন, দেশে ইটের চাহিদা ক্রমে বাড়তে থাকায় সরকার চলতি অর্থবছর থেকে ইট রপ্তানি নিষিদ্ধ করেছে। একই সঙ্গে দেশের ইট-ভাটাগুলোকে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে আধুনিক প্রযুক্তিতে ইট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশনা মানা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পরিবেশ উন্নয়ন ও সুরক্ষায় মন্ত্রণালয়ের পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, ঢাকার পার্শ্ববর্তী চারটি নদী এবং কক্সবাজারের সমুদ্র সৈকতকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় বর্তমানে নতুন স্থাপনা নির্মাণে কোনো পরিবেশগত ছাড়পত্র দেওয়া হচ্ছে না। সরকারি পদক্ষেপের কারণে ঢাকার চারপাশের নদীগুলোর পরিবেশও কিছুটা উন্নতি হয়েছে বলে দাবি করেন তিনি।
মন্ত্রী জানান, পরিবেশ অধিদপ্তর দূষণের অভিযোগে গত তিন বছরে ৮২৪টি মামলা করেছে। এতে ৭৩ কোটি ৫২ লাখ টাকা জরিমানা করা হয়েছে যার মধ্যে ৪৫ কোটি ৪৬ লাখ টাকা আদায় করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৮১৭ ঘ.
bdnews24