ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলের হরতালকে ঘিরে আদালা ঘটনায় নিহত দুই চালকের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘নিখোঁজ’ ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিএনপির ডাকা ২২ এপ্রিল হরতালের আগের দিন রাজধানীর খিলগাঁওয়ে ঈগল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে ওই বাসে ঘুমন্ত চালক বদর আলী অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
আর হরতালের দিন সাভারে পিকেটারদের ইটপাটকেল থেকে গাড়ি বাঁচাতে গিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে নিহত হন চালক আব্দুর রশিদ।
রোববার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বদর আলীর স্ত্রী হাওয়া বেগমকে তিন লাখ টাকার সঞ্চয়পত্র এবং আব্দুর রশিদের বাবা মোস্তফা মিয়াকে নগদ তিন লাখ টাকা ও স্ত্রী শামসুন্নাহার বেগমকে তিন লাখ টাকার সঞ্চয়পত্র দেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ পরে সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী প্রশ্ন রেখেছেন, বিনা দোষে গরীব মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারার উদ্দেশ্য কী ?”
শেখ হাসিনা এ সময় আরো বলেন, বিএনপি-জামায়াত মানুষ হত্যায় পারদর্শী। ২০০১ সালে ক্ষমতায় গিয়ে তারা আওয়ামী লীগের ২৪ হাজার নেতা-কর্মীকে হত্যা করেছিল।
অন্যদের মধ্যে সংসদ সদস্য টিপু মুন্সী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহেদ উজ জামান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং সহকারি একান্ত সচিব শাইফুজ্জামান শিখর এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/১৫২০ ঘ.
bdnews24