ঢাকা, ০২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাতিরপুল এলাকায় নাহার প্লাজা ও এর পাশের ভবনের ছাদ থেকে কিশোরীর ছাব্বিশ টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শাহবাগ থানার উপপরিদর্শক আব্দুস ছামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাহার প্লাজা ভবনে স্কাই গার্ডেন আবাসিক হোটেল, সোনালী রিক্রুটিং এজেন্সি ও পাশের একটি পাঁচতলা ভবন থেকে সকালে লাশের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য সেগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার সকালে নাহার প্লাজার পাশের একটি গলিতে পড়ে থাকা পায়ের টুকরা দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ভবনের ১৩ তলায় সোনালী রিক্রুটিং এজেন্সির ১৩০৮ নম্বর কক্ষ থেকে লাশের কিছু টুকরা এবং ১২তলায় স্কাই গার্ডেন হোটেলের ১২০৯ নম্বর কক্ষের বাথরুম থেকে কিছু অংশ উদ্ধার করা হয়।
উপপরিদর্শক ছামাদ জানান, ধরণা করা হচ্ছে হোটেল কক্ষে হত্যার পর লাশের টুকরাগুলো ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়া হয়েছিল। তবে ওই কিশোরীর পরিচয় পাওয়া যায়নি।
এ ঘটনায় হোটেলের ব্যবস্থাপক, কর্মচারী ও রিক্রুটিং এজেন্সির কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পাশাপাশি হোটেলের ১২০৯ নম্বর কক্ষের সর্বশেষ বোর্ডারকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/২১০০ ঘ.
bdnews24