চট্টগ্রাম, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসার সামনে থেকে তিন বছরের মেয়ে শিশুকে অপহরণের দুইদিন পর সেখানে তার লাশ ফেলে রেখে গেছে অপরহণকারীরা।
শনিবার ভোর ছয়টায় নগরীর দামপাড়া দুই নম্বর গলির ভাড়া বাসার সামনে রিয়া মনি নামে ওই শিশুর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে রিয়া’র চাচা মো. বাদশাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বামী হারা রেহানা বেগম দামপাড়ার দুই নম্বর গলিতে তিন মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। রিয়া’র বাবা ময়জুল হক লিটন গত বছর মারা যান। তিন বোনের মধ্যে সে সবার ছোট।
রিয়া’র খালা তাসলিমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বৃহস্পতিবার দুপুরে রিয়াকে বাসার সামনে খেলতে দিয়ে মা রেহানা বেগম ভেতরে নামাজ পড়ছিলেন। নামাজ শেষে বাইরে গিয়ে আর রিয়াকে তিনি দেখতে পাননি।
তিনি জানান, অনেক খোঁজার পর মেয়েকে না পেয়ে ওইদিন সন্ধ্যায় শিশুটির মা কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়রি করেন।
প্রতিবেশী মো. ইউসুফ বাজারে যাওয়ার পথে শনিবার সকালে রাস্তার ড্রেনের পাশে লাশটি পড়ে থাকতে দেখে চিৎকার দেয় বলে জানান তিনি।
নিহত শিশুর খালা জানান, গ্রেপ্তার হওয়া শিশুর চাচা বাদশার সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ছিল।
লাশে আঘাতের চিহ্ন রয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান কোতোয়ালী থানার উপ-পরিদর্শক মো. ইলিয়াস আলী খান।
এঘটনায় শিশুটির মা বাদী হয়ে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
কোতয়ালী থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই শিশুর চাচাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এইচএ/১৯৪২ ঘ.
bdnews24