ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক নির্যাতনের সব ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান।
শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে একটি দৈনিকের প্রকাশনা অনুষ্ঠানে তিনি বলেন, “সাংবাদিকদের ওপর যখন হামলা হয়, তখন আমাদের সবার ওপরই হামলা হয়। আমাদের অধিকার ছিনিয়ে নেওয়া হয়। সেই প্রেক্ষিতে আমি প্রতিটি সাংবাদিক নির্যাতনের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চাই।”
সাংবাদিকদের অধিকার নিশ্চিত হলে গণমানুষের অধিকার নিশ্চিত হবে বলেও মন্তব্য করেন আকবর আলি।
দৈনিক সূর্যোদয় নামে ওই পত্রিকার প্রকাশনা অনুষ্ঠানে ইয়াজউদ্দিন আহম্মেদের তত্ত্বাবধায়ক সরকারের এই পদত্যাগী উপদেষ্টা বলেন, “গণতন্ত্রের সঙ্গে সংবাদপত্রের স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত। আমরা যখন শুনি বাংলাদেশর সাংবাদিকরা বিপন্ন তখন আমাদের ধরে নিতে হবে বাংলাদশের গণতন্ত্রও বিপন্ন।”
সাংবাদিকদের ওপর পুলিশি হামলার সমালোচনা করে তিনি বলেন, “আমি বাংলাদেশের পুলিশকে সবিনয়ে মনে করিয়ে দিনে চাই সাংবাদিকরাই পুলিশের সবচেয়ে বড় বন্ধু হতে পারে। কারণ তারা যে কাজ করতে চান সে কাজ সাংবাদিকদের সহযোগিতা ছাড়া কোনদিন সম্ভব না।”
দেশের সবক্ষেত্রে ‘বিভক্তি’ কাজ করছে- বলেও মন্তব্য করেন আকবর আলি খান।
তিনি বলেন, “আজ আমাদের দেশ সর্বক্ষেত্রে বিভক্ত হয়ে গেছে। আমার জানা মতে বিশ্বব্যাংকের রাজনৈতিক অস্থিতিশীলতার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের অবস্থান পৃথিবীর সর্বনিকৃষ্ট ৫ শতাংশ দেশের অন্তর্ভুক্ত।”
আত্মপ্রকাশে যাওয়া এই পত্রিকাটিতে সম্পাদক হিসেবে রয়েছেন একজন সেনা কর্মকর্তা।
দেশের অর্থনীতির জন্য গণমাধ্যমে সঠিক তথ্য প্রকাশের প্রয়োজনীয়তার বিষয়ে গুরুত্বারোপ করে এই সাবেক উপদেষ্টা বলেন, “অর্থনীতিবিদরা দেখিয়েছেন তথ্যের প্রবাহের ওপরেই অর্থনীতির উন্নয়ন নির্ভর করে। সেই দিক থেকে আমাদের দেশের অর্থনীতির জন্য আমাদের গণমাধ্যমে সঠিক তথ্য পরিবেশন প্রয়োজন।”
নতুন পত্রিকাটিও নিরপেক্ষভাবে সঠিক তথ্য উপস্থাপন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী।
কামালউদ্দিন সবুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে সন্ত্রাসী হামলাসহ সা¤প্রতিক সময়ের কয়েকটি সাংবাদিক নির্যাতনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “এতে করে আমরা আশঙ্কার মধ্যে আছি। আমরা বিচলিত।”
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার দাবি জানান তিনি।
রুহুল আমিন গাজী তার বক্তব্যে সাগর-রুনি হত্যাকা-সহ সব সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানান।
উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/১৬৪৩ ঘ.
bdnews24